পথচারীদের মাঝে বাংলাদেশ জমিয়তুল উলামার ‘পথ ইফতার’ বিতরণ

পথচারীদের মাঝে বাংলাদেশ জমিয়তুল উলামার ‘পথ ইফতার’ বিতরণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর রামপুরা হাজীপাড়া ডিআইটি রোডে ইফতারের আগমুহূর্তে দরিদ্র, অসহায়, ছিন্নমূল ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে বাংলাদেশ জমিয়তুল উলামা।

সোমবার (১৮ এপ্রিল) দুআর মাধ্যমে এ মহতি ইফতার বিতরণ কার্যক্রমের সূচনা করেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের জ্যেষ্ঠ পুত্র ও জানেশীন মাওলানা সদরুদ্দীন মাকনুন।

তিনি বলেন, বর্তমানে অনেকেই নানা কারণে ইফতারের আগে বাসায় পৌঁছতে পারে না। যার জন্য পথেই তাদের ইফতারের সময় হয়ে যায়। আর আমাদের সমাজে পথচারীদের জন্য ইফতারের ব্যবস্থা থাকে না। তাই দরিদ্র, অসহায়, ছিন্নমূলের পাশাপাশি পথচারী রোজাদারের মুখে মুখে ইফতার তুলে দিতেই বাংলাদেশ জমিয়তুল উলামার এই আয়োজন।

মাওলানা মাকনুন আরও বলেন, জমিয়ত সাধারণ মানুষের পাশে আছে, থাকবে ইনশাআল্লাহ। শুধু এখানেই নয় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা এই আয়োজন করছি। রমজান মাসজুড়ে আমাদের কার্যক্রম চলবে ইনশাআল্লাহ।

আচমকা ইফতারের পেকেট হাতে পেয়ে, চোখে-মুখে উচ্ছ্বাস নিয়ে রিকশাচালক সাইদুল বলেন, আপনাদের কামটা বড় ভালা, আপনাদের জন্য দুআ।

পথচারী রফিক বলেন, এবার রমজানে স্কুল-কলেজ, অফিস-আদালত খোলা থাকায় রাস্তাঘাটে অনেক জ্যাম হয় এখন। যার জন্য অনেক সময় রাস্তায় মাগরিবের আজান দিয়ে দেয়। এই যেমন আজকে। তবে আজকে আপনাদের ইফতার পেয়ে ভালো লাগলো। আমি এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

পথ ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সদস্য জনাব জাহিদুজ জামান, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর প্রচার সম্পাদক মুফতি আব্দুস সালাম, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর দপ্তর সম্পাদক মাওলানা ইমরান আমির প্রমুখ।

উল্লেখ্য, ২০১৮ সালের পবিত্র মাহে রমজানে এই পথ ইফতার বিতরণ কার্যক্রমের সূচনা করেছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তারই ধারাবাহিকতায় প্রতি রমজানে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ইফতারের আগমুহূর্তে দরিদ্র, অসহায়, ছিন্নমূল ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করে আসছে বাংলাদেশ জমিয়তুল উলামা।

ছবি – ২০১৮

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *