পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পদ্মা সেতুর সড়ক পথের পিচ ঢালাইয়ের কাজ (কার্পেটিং) আজ বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে শুরু হয়েছে।
রোদ থাকায় পদ্মা সেতু সংশ্লিষ্টরা নভেম্বরের প্রথম সপ্তাহেই পিচ ঢালাইয়ের কাজ শুরুর আশা করছিলেন। গত ১৯ অক্টোবর থেকে পদ্মা সেতুর সড়কপথে পানি নিরোধক রাসায়নিকের স্তর তৈরির কাজ শুরু হয়। চার মিলিমিটার পুরুত্বের এই স্তরকে প্রকৌশলীরা ‘ওয়াটারপ্রুফ মেমব্রেন’ নামে অভিহিত করছেন। ইংল্যান্ড ও ইতালি থেকে এই স্তর তৈরির জন্য রাসায়নিক আমদানি করা হয়েছে। সড়কপথে পানি নিরোধক রাসায়নিকের স্তর বসানোর কাজ শেষ হয়েছে। তারপর শুরু হয়েছে কার্পেটিং।
সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের বলেন, পিচ ঢালাই শুরুর প্রস্তুতি আমরা আগেই নিয়েছি। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তা শুরু করতে পারব বলে আশা করছিলাম। শেষ পর্যন্ত তা শুরু করা যাচ্ছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, পদ্মা সেতুর ভায়াডাক্টে পানি নিরোধক স্তর বসানো হচ্ছে না। তাই ভায়াডাক্টের ৬০ মিটার অংশে পিচ ঢালাই করা হয়েছে।


