নিজস্ব প্রতিবেদক : সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে কদর পালিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর রাত পর্যন্ত নামাজ-জিকিরসহ বিভিন্ন ইবাদতে মশগুল থাকেন মুসল্লিরা। এ উপলক্ষে রাজধানীর মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল নামে। নামাজ, কুরআন তিলাওয়াত, ওয়াজ ও দোয়া মাহফিলসহ ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি উদযাপন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। গত মঙ্গলবার রাতে রাজধানীর প্রায় সব মসজিদেই মুসল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
রাজধানী বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মুসল্লিরা তারাবি নামাজ শেষে নফল নামাজ আদায় করছেন। কেউ কেউ দরুদ পাঠ করছেন। অনেকেই কোরআন পাঠ ও জিকির করছেন। শবে কদর উপলক্ষে মসজিদে মসজিদে মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়। মসজিদের ইমামরা শবে কদরের রাত উপলক্ষে বিশেষ বয়ান দেন। তারা শবে কদরের রাতের ফজিলত বর্ণনা করেন। নামাজ শেখে বিশেষ মোনাজাতে দেশের শান্তি ও কল্যাণ কামনা করেন তারা। রাজধানীর বায়তুল মোকাররম, হাইকোর্ট জামে মসজিদ, পল্টন জামে মসজিদ, মগবাজার জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে। আবার মসজিদে নামাজ আদায়ের পর অনেকেই স্বজনদের কবর জিয়ারতের উদ্দেশে হাজির হন আজিমপুর কবরস্থানে। সেখানে তারা কবরস্থানে গিয়ে স্বজনদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেছেন।
________________
patheo24/105


