পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনের কাছে অতিরিক্ত পশ্চিমা অস্ত্রের সরবরাহ চলমান সংঘাতের অবসান ঘটাতে বিলম্ব করবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
যুক্তরাজ্যে নিযুক্ত রুশ দূতাবাস টুইটারে লিখেছে, ‘জাখারোভা: পশ্চিমের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড এবং কিয়েভ সরকারকে গোলাবারুদ সরবরাহ শুধুমাত্র ভুক্তভোগীর সংখ্যা বৃদ্ধি করবে না, ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতেও বিলম্বিত করবে। এতে ন্যাটো সঙ্গে রাশিয়ার সরাসরি সামরিক সংঘর্ষও টেনে আনবে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র দিয়ে আসছে। সেইসঙ্গে গোয়েন্দা তথ্য দিয়েও দেশটির সামরিক বাহিনীকে সাহায্য করে আসছে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ টানা ১১ মাসের বেশি সময় ধরে চলছে। এতে এখন পর্যন্ত বহু লোকের হতাহতের তথ্য পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও জোরদার হয়েছে।


