পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানকে ৬.২ বিলিয়ন ডলার সহায়তা প্যাকেজে দিবে বলে চুক্তি চূড়ান্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তানের ডন পত্রিকা সূত্রে জানা যায়, বিভিন্ন দেশকে মূল্য পরিশোধে ইসলামাবাদের প্রয়োজনীয় মুদ্রার সংকট মেটাতে এই সহায়তা দেয়া হচ্ছে।
এই প্যাকেজের আওতায় আমিরাত দেরিতে মূল্য আদায়ের শর্তে ৩.২ বিলিয়ন ডলারের তেল পাকিস্তানে রপ্তানি করবে। একই সঙ্গে ইসলামাবাদকে তিন বিলিয়ন ডলার নগদ দিবে আমিরাত। আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান রোববার পাকিস্তান সফরে গিয়ে আই চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিবেন বলে জানায় ডন।
পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা জানান, বৃহস্পতিবার এই সহায়তা চুক্তি চূড়ান্ত করা হয়। সৌদি আরব পাকিস্তানকে যে সহায়তা দিচ্ছে এটি তারই অনুরূপ। এসব সহায়তার ফলে পাকিস্তান এই দুই দেশ থেকে তেল ও গ্যাস আমদানিতে ৭.৯ বিলিয়ন ডলার বাঁচাতে পারবে। এটা দেশটির বাৎসরিক তেল আমদানির ৬০ শতাংশেরও বেশি।
পাকিস্তান সরকার কম দামে বা বাকিতে এলএনজি কেনার জন্য কাতারের সঙ্গেও আলোচনা শুরু করেছে তবে তা এখনও প্রাথমিক অবস্থায় রয়েছে বলে জানায় পত্রিকাটি। সৌদি আরব ইতিমধ্যেই দেশটিকে ৩.১৮ শতাংশ সুদে দুই বিলিয়ন নগদ অর্থ সহায়তা দিয়েছে এবং এবং ফেব্রুয়ারি মাসে আরও এক বিলিয়ন ডলার দেয়ার কথা রয়েছে।


