পাথেয় রিপোর্ট : উন্নত গণতান্ত্রিক বিশ্বে বিএনপি ক্রমেই বন্ধুহীন হয়ে পড়ছে, তবে পাকিস্তানের সঙ্গে বিএনপির বন্ধুত্ব এখনও অটুট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে বিএনপির বন্ধুত্ব এখনও অটুট। একেবারে বন্ধুহীন হয়ে পড়বে এটা এই মুহূর্তে বলছি না। তবে উন্নত গণতান্ত্রিক বিশ্বে তারা ক্রমেই বন্ধুহীন হয়ে পড়ছে।
১ ডিসেম্বর শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এসময় সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অন্যায় আর অসত্যের সঙ্গে কেউ থাকে না। বিএনপি লাখ লাখ ডলার খরচ করেও মার্কিনদের সাড়া পাচ্ছে না। বিএনপি অগণতান্ত্রিক আচরণ করতে থাকবে, আর অন্যরা (বিদেশি রাষ্ট্র) সমর্থন করতে থাকবে—এটা হয় না। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কি আমাদের কথায় চলে? ওরা কার পক্ষে থাকবে, আর কার পক্ষে থাকবে না, এটা মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়াশিংটনের ব্যাপার।
জামায়াতের বিষয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বিল আসার পর বাংলাদেশ সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কি না জানতে চাইলে কাদের বলেন, এই বিষয়টা এখন সরকারের এখতিয়ারে নেই। ২৪ দিন বাকি, এই সময় সামনে রেখে আদালত ও তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব বলে মনে হচ্ছে না। তিনি বলেন, বিএনপি-জামায়াতের সম্পর্কটা একেবারেই নীতি–আদর্শের ব্যাপার। আমরা জাতীয় পার্টির সঙ্গে স্ট্রাটেজিক্যাল অ্যালায়েন্স করেছি। তাদের স্ট্রাটেজিক্যাল অ্যালায়েন্স না। তাদেরটা একেবারেই আদর্শিক জোট।
নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেকে বিএনপি পিছু হটছে কি না—জানতে চাইলে কাদের বলেন, ‘শঙ্কা তো আছে, তবে সেটা হচ্ছে নাশকতা। আমাদের শঙ্কা বিএনপি নাশকতার সহিংসতার পথে যেতে পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসে প্রমুখ।
এর আগে বিএনপির ভেতরে জগাখিচুড়ি অবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন সব নেতা এখন মির্জা ফখরুলের কন্ট্রোলের (নিয়ন্ত্রণের) বাইরে। এ ছাড়া ঐক্যফ্রন্টও এখন ঐক্যবদ্ধ নয়। তিনি বলেন, নিজেদের কারণে মনোনয়ন জমা দিতে পারেননি বিএনপি নেতারা। এটা তাঁদের অভ্যন্তরীণ বিষয়। তিনি বলেন, ‘আমি যত দূর জানি, বিএনপির মধ্যে দুজন আছেন, যাঁরা কাঙ্ক্ষিত জায়গা থেকে মনোনয়ন পাননি বলে মনোনয়ন জমা দেননি। আর মির্জা আব্বাস সময়মতো মনোনয়ন জমা দেননি। নির্বাচন কমিশন তাই মনোনয়ন জমা নেয়নি। বিএনপি মনগড়া অভিযোগ করলে হবে না।’


