পাকিস্তান ক্রিকেট দলকে নিষিদ্ধ করতে আদালতে রিট

পাকিস্তান ক্রিকেট দলকে নিষিদ্ধ করতে আদালতে রিট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এবারের বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের এমন বাজে পারফরম্যান্সে ক্ষুব্ধ পাকিস্তানিরা। আফগানিস্তান বাদে সবচেয়ে খারাপ অবস্থায় আছে পাকিস্তান ক্রিকেট দল। পয়েন্ট তালিকায় ১০ দলের মধ্যে তাদের অবস্থান নবম। সেই হিসেবে বলা চলে সেমিফাইনালের দৌঁড়ে তারা অনেক পিছিয়ে।

১৬ জুন বিশ্বকাপে ভারতের বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর আরো বেশি হতাশ পাকিস্তানিরা। সেই হতাশা এখন রূপ নিয়েছে ক্ষুব্ধতায়। এতটাই ক্ষুব্ধ যে, এক ভক্ত গুজরানওয়ালা সিভিল কোর্টে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে নিষিদ্ধ করতে আদালতে রিট করেছে। তিনি তার রিটে নির্বাচক কমিটিকেও বরখাস্তের আবেদন জানিয়েছেন।

বিশ্বকাপে এখন পর্যন্ত পাকিস্তান দলের পারফরম্যান্স প্রত্যাশার অনেক নিচে। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের পর কোনোমতে এক শ করতে পেরেছিলেন সরফরাজের দল। মাঝে ইংল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়ালেও সবশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে রীতিমতো বিপর্যয়ই হয়েছে তাদের। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮৯ রানের হেরে পয়েন্ট টেবিলের তলানিতে এখন দল। পাকিস্তান দলে অভ্যন্তরীণ কোন্দল আর শৃঙ্খলাজনিত নানা ব্যাপারও সামনে চলে আসছে।

পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়, রিটে পাকিস্তান দলের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। এ ছাড়া ইনজামাম-উল হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি বিলুপ্তির আবেদন করা হয়েছে। এরপর গুজরানওয়ালা আদালতের বিচারক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের তলব করেছেন।

জিয়ো নিউজ জানিয়েছে, আজ বুধবার লাহোরে পিসিবির বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠক থেকে টিম ম্যানেজমেন্টে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *