পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানে নিখোঁজ হলেন ভারতীয় হাইকমিশনের দুই কর্মকর্তা। সোমবার (১৫ জুন) সকাল থেকেই তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ইসলামাবাদে কাজ করার সময় থেকে তাঁরা নিখোঁজ হন। পুরো বিষয়টা পাকিস্তানি কর্মকর্তারা খতিয়ে দেখছেন। ভারতের পক্ষ থেকে এই বিষয়ে সরকারি স্তরে অভিযোগ করা হয়েছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, এই দুই হাইকমিশন কর্মকর্তা সিআইএসএফ ড্রাইভার ছিলেন। সকাল সাড়ে আটটা থেকে ইসলামাবাদের অফিস থেকে নিখোঁজ হয়ে যান। গাড়ি করে অফিস থেকে বেরোনোর পর তাঁরা নিখোঁজ হয়ে যান।
এর আগে নয়াদিল্লিতে দুজন পাকিস্তানি কর্মকর্তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তোলা হয় এবং নির্বাসনে পাঠানো হয়। গত কয়েক দিনে পাকিস্তানের ইসলামাবাদে বেশ কিছু বড় বড় ভারতীয় কূটনীতিককে আক্রমণাত্মকভাবে হেনস্তা করা হয়েছে। সেই সব অতিরিক্ত নজরদারির বিরোধিতাও করেছে ভারত।


