পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশবাসী ও বিশ্বের সমস্ত মুসলমানদেরকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়েছে পাথেয় পরিবার। সম্পাদনা পরিবার বলেছে, সময়ের পরিক্রমায় রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে সিয়াম সাধনার পবিত্র মাহে রমজান আবারও পূণ্যময় হয়ে ফিরে এসেছে আমাদের মাঝে।
পাথেয় পরিবার জানিয়েছে, সবাইকে রমজানুল মোবারক। পবিত্র রমজানের শিক্ষা ক্ষমা, সহানুভুতি, সহনশীলতা, আর্দশ আমাদের সবাইকে উজ্জীবিত করুক। পবিত্র মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের মাস। রমজান সিয়াম সাধনা, তাকওয়া ও বরকতের মাস। রহমত ও মাগফিরাত এবং জাহান্নামের অগ্নি থেকে মুক্তি লাভেরও মাস। এ মাস ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। মহান আল্লাহ এ মাসটিকে বহু ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন।
দেশবাসী সকলের প্রতি আহ্বান জানিয়ে পাথেয় পরিবার বলেছে, এবারের রমজান মাসটি বহু মাত্রায় ব্যতিক্রমী। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে সংক্রমন থেকে রক্ষা পেতে আমাদের সামাজিক দূরত্বসহ দেশের স্বাস্থ্য বিধি-বিধান মেনে ধৈর্য্য ও সাহসের সাথে চলমান এই মহাদুর্যোগ মোকাবেলা করতে হবে।
বিশেষ করে রমজান মাসের সেহরীর ও ইফতারের খাদ্য ক্রয় অথবা সংগ্রহ করার সময় কোনভাবেই যেন করোনা ভাইরাসে আবার সংক্রমিত না হই, সেই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে পাথেয় পরিবার।
আশপাশের দুস্থ দরিদ্রদের প্রতি মাহে রমজানের এই দিনে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ জানিয়ে পাথেয় পরিবার বলেছে, বিশেষ করে সমাজের যেই দরিদ্র শ্রেণির মানুষদের আমরা অবহেলা এবং উপেক্ষা করে এসেছি। নিজেদের উপোযোগী সিদ্ধান্ত নিয়ে তাদের কথা ভুলে গিয়েছি। এই পবিত্র রমজানে তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেই এবং একে আল্লাহ তায়ালার ক্ষমা পাওয়ার মাধ্যম হিসেবে গ্রহণ করি।
এছাড়াও করোনার সংক্রমণ মোকাবিলায় সতর্ক ও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে পাথেয় পরিবার বলেছে, তাই আসুন আমরা মসজিদে একত্রিত না হয়ে নিজ নিজ গৃহে অবস্থান করে তারাবি নামাজ আদায় করি এবং ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ বছরের রমজান মাস পালন করি। সংযম পালনের এই মহান মাসে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিহত করে এবং স্বাস্থ্য বিধি মেনে চলে একে অপরকে সাহায্য করি। আল্লাহ আমাদের সকলকে সংযম সাধনের মাধ্যমে পবিত্র রমজান পালনের তৌফিক দান এবং দৃঢ়তার সাথে এই মহামারি থেকে পরিত্রানের শক্তি প্রদান করুন। আমিন।


