পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া গ্রামে রোববার (৩০ মে) বিকেলে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। ওই তিন শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ওই তিন শিশু হলো বলদিয়া গ্রামের অপু মিয়ার মেয়ে সেফালী (৫), সাদ্দাম হোসেনের মেয়ে সাদিয়া (৫) এবং জহুরুল ইসলামের মেয়ে জেসমিন (৫)। এই তিন শিশু সম্পর্কে মামাতো–ফুফাতো বোন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৩০ মে) দুপুরে ওই তিন শিশু বাড়ির পাশে সংকোষ নদের একটি ছড়া বা ডোবাতে পরিবারের অজান্তে গোসল করতে যায়। পাড়ের দিকে সামান্য পানিতে সাঁতার খেলতে খেলতে গভীর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা অনেকক্ষণ তাদের সন্ধান না পেয়ে আশপাশে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে সাদিয়ার বাবা সাদ্দাম হোসেন পানিতে দুজনের লাশ ভাসতে দেখেন। তাঁর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে পানি থেকে তিনজনের লাশ উদ্ধার করেন।

প্রতিবেশী আবদুল মালেক বলেন, ওই তিনজনের মধ্যে সাদিয়া ও জেসমিন চাচাতো বোন এবং সেফালী তাদের ফুফাতো বোন। পাশাপাশি বাড়ি হওয়ায় তারা তিনজন সারা দিন একসঙ্গে থাকত, খেলাধুলা করত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, ওই তিন শিশুর মৃত্যুর ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *