নিজস্ব প্রতিবেদক : বন্যাদুর্গত এলাকায় পানিতে ডুবে মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় পানিতে ডুবে ১৪ ও সাপের কামড়ে ১ শিশুসহ মোট ১৫ শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ সে হিসাবে প্রতি একশ মিনিটে এক শিশু মারা যাচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. আয়েশা আক্তার জানান, ২০ আগস্ট বন্যাদুর্গত এলাকায় ১৪ জন পানিতে ডুবে ও সাপের কামড়ে এক শিশু মারা গেছে। এর মধ্যে জামালপুর ১, সিরাজগঞ্জ ২, টাঙ্গাইল ২, গাইবান্ধা ২, দিনাজপুর ১, সুনামগঞ্জ ১, রংপুর ২, নওগাঁ ১, রাজবাড়ী ১ ও শেরপুরে ১ শিশু রয়েছে। এছাড়া নওগাঁতে সাপের কামড়ে ১ জন মারা গেছে। বন্যাদুর্গত এলাকায় গত ২৪ ঘণ্টায় ৬৬৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এসব জেলায় মোট ১ হাজার ৭৯৭টি মেডিকেল টিম কাজ করছে।
পানিতে ডুবে মৃত্যু থেকে শিশুদের জীবন বাঁচাতে বন্যাদুর্গত ২১ জেলায় স্বাস্থ্যকর্মীরা নানা সতর্কতামূলক প্রচার প্রচারণার দাবি করে আসলেও শিশুদের মৃত্যু কমছে না। প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে পানিতে ডুবে মৃত্যু খবর পাওয়া যাচ্ছে।


