পাথেয় রিপোর্ট: বাসাবাড়িতে ঢাকা ওয়াসার নিরাপদ পানির দাবিতে পদযাত্রা করেছে ওয়াসার নিরাপদ পানি আন্দোলন। শুক্রবার সকালে রাজধানীর জুরাইন এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয়, যা শেষ হয় শনির আঁখড়া গিয়ে।
পথে পথে নানা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করে স্থানীয় জনসাধারণের কাছে। লিফলেটে তুলে ধরা হয়, বাসায় বিশুদ্ধ পানি নিশ্চিত করতে হবে। দূষিত ও ময়লা পানি সরবরাহকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া ঢাকা ওয়াসার পানি ব্যবহারে যারা অসুস্থ হয়েছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে আর ঢাকা ওয়াসার এমডিকে ক্ষমা চাইতে হবে।
পদযাত্রায় ‘ওয়াসার পানি রোগের কারণ, দিতে হবে ক্ষতিপূরণ’, ‘কল থেকে সরাসরি পানি খেতে চাই’, ‘পানির নামে বিষ পাই, বিলের টাকা ফেরত চাই’, ‘পানি পেলে দেবো বিল, বিষ পেলে বিল দেবো না’ এই ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে পুরো এলাকা প্রদক্ষিণ করেন স্থানীয়রা।
ওয়াসার নিরাপদ পানি আন্দোলনের আহ্বায়ক মো. মিজানুর রহমান বলেন, ‘আমরা এমন দূষিত পানি চাই না। পরিশোধন করার জন্যে এই পানি আমাদের ফুটিয়ে নেওয়ার বাড়তি ঝামেলা পোহাতে হয়। আমরা যাতে কল থেকে সরাসরি বিশুদ্ধ পানি পেতে পারি সেই নিশ্চয়তা চাই ওয়াসার কাছ থেকে। পানির ওপর নাম জীবন এই বোধ রাষ্ট্রের নেই। রাষ্ট্রকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য আমরা এখন মানুষের ওপর ভর করছি। তারই অংশ হিসেবে আজকের এই কর্মসূচি।’
মিজানুর রহমান বলেন, ‘ওয়াসার পানি দূষিত হওয়ার পরও এখন পর্যন্ত যে বিল পরিশোধ করা হয়েছে সেসব টাকা গ্রাহকদের ফেরত দিতে হবে। ভবিষ্যতে সুপেয় পানি না পাওয়া পর্যন্ত নাগরিকদের পানির বিল না দেওয়ার অনুরোধও করেন তিনি।’
বছরের পর বছর কীভাবে নোংরা, দূষিত পানি সরবরাহ করলো ওয়াসা- তা তদন্ত করে দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি তোলা হয় এই পদযাত্রা কর্মসূচি থেকে।
উল্লেখ্য, গতকাল হাইকোর্টে দাখিল করা এক প্রতিবেদনে ওয়াসার পক্ষ থেকে বলা হয় যে রাজধানীর ৫৯ এলাকায় তাদের সরবরাহকৃত পানি দূষিত। সেই এলাকার মধ্যে জুরাইনও রয়েছে।


