পাথেয় রিপোর্ট : আগামী ২৯ তারিখে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভার অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সেখানে আওয়ামী লীগ পাল্টাপাল্টি কোনো কর্মসূচি দেবে না।পাল্টা কর্মসূচি দেয় তারা, যারা ভয় পায়। আমরা ভয় পাই না।’ তবে জনসভাকে ঘিরে যদি কোনওরকম বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় বা গোলযোগের আশঙ্কা দেখা যায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোরভাবে দমন করবে বলেও জানিয়েছেন তিনি।
২৬ আগস্ট বুধবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, অক্টোবর মাসে আওয়ামী লীগ পার্লামেন্টারি বোর্ডের সভায় সভা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করবেন। বিলবোর্ড করে ছবি দিয়ে মনোনয়ন পাওয়া যাবে না। আগামীতে নৌকার পক্ষে আবার জয় হবে।
কাদের বলেন, বিএনপি একটি ভুয়া দল। এই দলের সব কর্মকাণ্ড জেলে আটকে আছে। বিএনপির অর্থ হলো বাংলাদেশ নালিশ পার্টি। তারা এই ঈদ না সেই ঈদ করে ১০ বছর কাটিয়ে দিল। ১০ বছর চলে গেলে মানুষ আর কয় বছর বাঁচে।’
পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল মোর্শেদ আরুজের সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক মো. আজগর আলী প্রমুখ বক্তব্য দেন।
জনসভার আগে ওবায়দুল কাদের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক ও উপজেলার চরলক্ষ্মীপুর থেকে পাংশার শিয়ালডাঙ্গী পর্যন্ত সড়কের পুনর্নির্মাণকাজের উদ্বোধন করেন। বেলা সোয়া দুইটায় জেলা আওয়ামী লীগের কর্মিসভায় তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন।


