পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দালালের সাহায্যে পাসপোর্ট করানোর অনুমতি চেয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে চিঠি দিয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। দালালকে ‘এজেন্ট’ স্বীকৃতি দিয়ে তাদের দিয়ে পাসপোর্ট করানোর পরিকল্পনা নিয়ে এই চিঠি দিয়েছে সংস্থাটি।
সরকারকে চিঠিতে সংস্থাটি জানায়, অনেকে পাসপোর্টের আবেদনের নিয়ম জানে না। ঠিকমতো নাম ঠিকানা লিখতে পারে না। ত্রুটিপূর্ণ আবেদনপত্র নিয়ে এসে হয়রানির শিকার হয়। আবার দালালরাও এ সুযোগে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। তাই এ হয়রানি থেকে মুক্তির জন্য দালালদের মধ্য থেকে যোগ্যদের এজেন্ট হিসেবে নিয়োগ করতে চায় অধিদপ্তর। প্রাথমিকভাবে মন্ত্রণালয়ের অনুমতি পেলে এজেন্টদের যোগ্যতা নির্ধারণসহ একটি বিধিমালা করা হবে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর স্থানীয় দালাল ছাড়াও ট্রাভেল এজেন্সিকে পাসপোর্টের এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে।
চিঠিতে আরও জানানো হয়, এজেন্টের মাধ্যমে পাসপোর্টের ফরম পূরণ ও আবেদন করতে সরকারি ফি’র বাইরে গ্রাহকের অতিরিক্ত টাকা খরচ হতে পারে। খরচটি চূড়ান্ত না হলেও সেটি অবশ্যই সরকারি ফি’র ১০ শতাংশের কম হবে।
সম্প্রতি দালালদের এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তর দিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মোকাব্বির হোসেন।
জমিজমা ও সম্পত্তির দলিল লেখকদের উদাহরণ দিয়ে সচিব বলেন, পাসপোর্টের ক্ষেত্রেও যেহেতু বড় অংশের মানুষের এই সাহায্য প্রয়োজন হচ্ছে, সে কারণে সরকার এই উদ্যোগ নিয়েছে।


