ডেস্ক রিপার্ট : পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরকারপন্থী দুই পক্ষের শ্রমিক নেতারা বুধবার পিডিবির মতিঝিল কার্যালয়ে সভা আহ্বান করে। এরমধ্যে চন্দন কুমার চংদার ও শহিদ ডাকুয়া পক্ষ পিডিবি’র সিবিএ নির্বাচনের দাবিতে এবং বর্তমান সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী ও আলাউদ্দিন মিয়া গঠনতন্ত্র সংশোধন করে আবার ক্ষমতায় থাকার জন্য সাধারণ সভা আহ্বান করে।
এক জায়গায় দুই গ্রুপ সভা ডাকায় মতিঝিল থানা পুলিশ নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে বুধবার সকালে দুই পক্ষ পিডিবি কার্যালয়ে জমায়েত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে অন্তত ১০ জন আহত হয়। এদের মধ্যে শহিদ ডাকুয়া, জয়নাল আবেদীন ও মফিজুর রহমানকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে মতিঝিলের পিডিবি অফিসে দুই গ্রুপের মধ্যে মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুই গ্রুপের লোকজনই সটকে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
তিনি বলেন, ‘শুনেছি এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে। তবে কতজন তা বলা সম্ভব হচ্ছে না। কারণ, ঘটনাস্থলে গিয়ে তাদের পাওয়া যায়নি।’
__________
patheo24/105


