পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পিরোজপুরের কাউখালী উপজেলায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচন নিয়ে চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের দুই চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে কাউখালী উপজেলার চিরাপাড়া পাড়সাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া অটোস্ট্যান্ডে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাউখালী উপজেলার ৪ নং চিড়াপারা-পারসাতুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর সঙ্গে জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু সমর্থিত সাইকেল প্রতীকের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। চেয়ারম্যান পদপ্রার্থীরা একে অপরকে দোষারোপ করেন।
আহতরা হলেন- কাউখালী দক্ষিণ বাজারের মাওদুদ খান, চিড়াপাড়া গ্রামের ফরহাদ হোসেন, এনায়েত হোসেন, মামুন মোড়ল, দক্ষিণ নিলতি গ্রামের মিন্টু তালুকদার, সুবিতপুর গ্রামের বেলায়েত শিকদার, মাঈনুল ইসলাম হাওলাদর, সেকেন্দার খান ও সুমন খান।
আহতদের মধ্যে মাওদুদ খান ও মিন্টু তালুকদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বনি আমিন জানান, সংবাদ পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।


