গাজীপুর প্রতিনিধি : টঙ্গী বাজার এলাকায় এক ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে ২৩ লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। সোমবার সকালে এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার হয়েছেন জাকির ট্রেডার্সের মালিক জাকির হোসেন ও তার সহযোগী আরজু।
ভুক্তভোগী জাকির হোসেন জানান, সকাল সোয়া ১০টার দিকে তারা টঙ্গী বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকার ব্যাগ নিয়ে রিকশাযোগে স্থানীয় ন্যাশনাল ব্যাংকের শাখায় যাওয়ার সময় তাদের বহনকারী রিকশাটি স্থানীয় চেয়ারম্যান বাড়ি রাস্তায় মাথায় কেয়ার ফার্মেসির কাছে পৌঁছলে দু’টি মোটরসাইকেলযোগে ৫-৬ জন ছিনতাইকারী পথরোধ করে। এসময় ছিনতাইকারীরা টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে জাকির ও তার সহযোগী আরজু টাকার ব্যাগ না ছাড়লে ছিনতাইকারীরা দুজনের কপালে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগটি লুটে নেয়। এ ঘটনায় আরজু আহত হয়। এসময় ছিনতাইকারীরা ফাঁকা গুলি করতে করতে মোটরসাইকেল যোগে স্থানীয় বউ বাজারের দিকে দ্রুত পালিয়ে যায়।


