পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভয়াবহ দাবদাহ ও হাজার হাজার বজ্রপাতের কারণে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়া রাজ্যে অন্তত ৩৬৭টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে লাখো মানুষ বাসস্থান ছেড়ে পালিয়েছে, পুড়ে গেছে লাখ লাখ একর জায়গা। দ্রুতগতিতে রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ছে আগুন।
মরুময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। এর প্রভাবে ও বজ্রপাতর কারণে ক্যালিফোর্নিয়াজুড়ে তীব্র দাবদাহ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩ লাখ একক জায়গা পুড়ে গেছে। এর মধ্যে একটি বড় ধরণের অগ্নিকাণ্ড ঘটানোর জন্য এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে আরো লাখ লাখ একর জায়গা পুড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
রাজ্যটির কোথাও কোথাও তাপমাত্রা ১০০ ডিগ্রী ফারেনহাইটের বেশি। উচ্চ তাপমাত্রাই অগ্নিকাণ্ডের পেছনে দায়ী। এখানে ২৩টি বড় অগ্নিকাণ্ডসহ মোট ৩৬৭টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রাজ্যের ফায়ার এজেন্সি কল ফায়ার-এর মুখপাত্র জেরেমি রাহন বলেন, গত ৭২ ঘণ্টায় প্রায় ১১ হাজার বজ্রপাত নথিবদ্ধ করা হয়েছে, যার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এর মধ্যে বুধবার শত শত বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বহু বাড়িঘর পুরে যাওয়ায় মানুষজনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। রাজ্যের দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। কল ফায়ার অন্য রাজ্যগুলোর কাছে ৩৭৫টি ফায়ার ইঞ্জিন চেয়েছে।
গভর্নমেন্ট গ্যাভিন নিউসাম জানান, দমকল বাহিনীর প্রতিটি যন্ত্র আর ব্যক্তিকে ব্যবহার করা হচ্ছে, যদিও এসব রাজ্যজুড়ে দিয়ে দেয়ায় সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় অ্যারিজোনা, নেভাদা ও টেক্সাস রাজ্য থেকে সহযোগিতা পাচ্ছে ক্যালিফোর্নিয়া।
কর্তৃপক্ষ জানায় ফ্রেসনো কাউন্টির কোয়ালিঙ্গার নিকটবর্তী প্রত্যন্ত এলাকায় দমকলবাহিনীর একটি হেলিকপ্টার আগুন নেভাতে পানি ছেটানোর সময় বিধ্বস্ত হলে পাইলট নিহত হন। এ ঘটনা থেকে আবার নতুন করে বড় ধরণের দাবানলের সৃষ্টি হয়। হেলিকপ্টারে অবশ্য আর কেউই ছিল না।
পশ্চিম ভ্যাকাভাইলে রাস্তার এক পাশ থেকে লাফিয়ে অপর পাশে যায় আগুন, এতে রাস্তায় চলাচলই কঠিন হয়ে পড়ে। ধোয়ার কারণে গাড়ি নিয়ে সামনে এগোনোও কঠিন হয়ে পড়ে।
আগুন কাছাকাছি চলে আসায় ট্রাভিস বিমান ঘাঁটির অধিকাংশ অফিসারকে সরিয়ে নেয়া হয়েছে। ভ্যাকাভাইলের দক্ষিণপূর্ব দিকের এ ঘাঁটিতে অন্তত ১৪ হাজার ব্যক্তি নিযুক্ত রয়েছেন।
কল ফায়ারের এক কর্মকর্তা জানান, বজ্রপাতের কারণে সৃষ্ট আগুনের গুচ্ছ যা ‘এলএনইউ লাইটনিং’ নামে পরিচিত, রাজধানী স্যাক্রামেন্টোর পশ্চিমে প্রায় ১ লাখ ২৪ হাজার একর জায়গা পুড়িয়ে দেয় এবং আরো ২৫ হাজার অবকাঠামো পুড়ে যাওয়ার হুমকিতে রয়েছে। এ অঞ্চল থেকে মানুষজনকে সরিয়ে নেয়া হয়েছে। আগুনের এই গুচ্ছ ক্রমেই বাড়ছে এবং বাতাসবাহিত হয়ে অন্যত্র ছড়িয়ে পড়ছে।
বুধবার (১৯ আগস্ট) পর্যন্ত চারজন সাধারণ নাগরিক আহত হন, আর ১৭৫টি অবকাঠামো ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়। নাপা, সোনোমা ও সোলানো কাউন্টি দিনভর ধোয়ায় আচ্ছন্ন ছিল।
সূত্র : সিএনএন
/এএ


