পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী রাষ্ট্রের তকমা নিজেদের করে নিয়েছে এশিয়ার দেশ চীন। গত দুই দশকে তিনগুণ বৈশ্বিক সম্পদ বাড়ার মধ্য দিয়েই এ মর্যাদা লাভ করেছে তারা।
মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ম্যাকিনসে অ্যান্ড কোং পরামর্শদাতাদের একটি নতুন সমীক্ষায় বিশ্বআয়ের ৬০%-এর বেশি প্রতিনিধিত্বকারী ১০টি দেশের জাতীয় ব্যালেন্স শিট পরীক্ষা করে এ তথ্য জানানো হয়েছে।
জুরিখের ম্যাকিনসে গ্লোবাল ইনস্টিটিউটের অংশীদার জন মিসকে এক সাক্ষাৎকারে বলেছেন, “আমরা এখন আগের চেয়ে ধনী।”
সমীক্ষা অনুসারে, বিশ্বব্যাপী নিট মূল্য ২০২০ সালে ৫১৪ ট্রিলিয়ন ডলার হয়েছে। যা ২০০০ সালে ছিল ১৫৬ ট্রিলিয়ন ডলার।
সমীক্ষায় আরও বলা হয়, এই বৃদ্ধির প্রায় এক-তৃতীয়াংশ এসেছে চীনের হাত ধরে। ২০০০ সালে দেশটির সম্পদ ছিল মাত্র ৭ ট্রিলিয়ন ডলার, যা বর্তমানে ১২০ ট্রিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
অক্টোবরে রপ্তানি প্রবৃদ্ধি মন্থর হয়ে গেলেও শীতকালীন ছুটির মৌসুমে বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধি, বিদ্যুতের সঙ্কট কমানো এবং করোনাভাইরাস মহামারির কারণে চীনের অর্থনৈতিক উন্নয়ন কিছুটা বেড়েছে।
পিনপয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান অর্থনীতিবিদ ঝিওয়েই ঝাং বলেন, “শক্তিশালী রপ্তানি দুর্বল অভ্যন্তরীণ অর্থনীতিকে প্রশমিত করতে সাহায্য করবে।”
তিনি বলেন, “সরকার আর্থিক এবং রাজস্ব নীতি শিথিল করার জন্য বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারে।”
তবে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সরবরাহের কিছু সীমাবদ্ধতা সহজ হতে শুরু করেছে। যার মধ্যে- কয়লার ঘাটতি, কঠিন নির্গমন মান এবং শক্তিশালী শিল্প চাহিদার কারণে বিদ্যুতের সংকট অন্যতম।


