হিলি প্রতিনিধি ● আমদানির দরজায় সপ্তাহান্তে পাইকারী বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৮ টাকা। কারণ হিসেবে হাজির করা হয়েছে অতিবৃষ্টি ও বন্যাকে। বলা হয়েছে এবার ভারতের বিভিন্ন প্রদেশে পেঁয়াজের উৎপাদন কম। ব্যবসায়ীরা জানান, চাহিদা মাফিক পেঁয়াজ না পাওয়ায় দামও উর্ধমুখী। হিলি স্থলবন্দরে ভারত থেকে আনা গত সপ্তাহে ছিল পেঁয়াজ ৩৭ থেকে ৩৮ কেজি। সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৪ থেকে ৫৫ টাকায়। বাংলাহিলি বাজারে ভারত থেকে আমদানি করা নিম্নমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এছাড়াও বাজারে দেশীয় জাতের পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রের খবর, বন্দর দিয়ে আগে প্রতিদিন ৪৫ থেকে ৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। বর্তমানে তা ১৫ থেকে ২০টি ঠেকেছে। চলতি মাসের ৩ অক্টোবর থেকে শুরু করে ২৮ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে ৫০৫টি ট্রাকে ৯ হাজার ৬৭৪টন পেঁয়াজ আমদানি হয়েছে।
গত সেপ্টেম্বর মাসে আমদানি হয়েছিল ৬৩৯টি ট্রাকে ১২ হাজার ৯৫৩টন পেঁয়াজ। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মো. হারুন উর রশীদ সাংবাদিকদের জানান, পেঁয়াজের উৎপাদন কমে যাওয়ায় ভারতের বাজারেই পেঁয়াজের দাম বাড়ার কারণে বাংলাদেশেও পেঁয়াজের দাম বাড়ছে। হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। একারণে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে।


