পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সরকারি ঘোষণা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে ঢাকার ধামরাইয়ের বালিথা এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে রাইজিং গ্রুপের প্রতিষ্ঠান মাহমুদা এ্যাটায়ার্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় মহাসড়কের উভয় পাশের প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্প ও ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।
পরে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এবিএম রাশেদুল বারী, ধামরাই থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, কারখানার সিইও শেখ ইসলাম কিছু শ্রমিকদের নিয়ে সমঝোতা বৈঠকে বসেছেন। তবে দুপুর ২টা পর্যন্ত শ্রমিকদের সঙ্গে কোনো মীমাংসা হয়নি বলে জানান শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এবিএম রাশেদুল বারী।
শ্রমিকরা জানান, সকালে কাজে যোগদানের পর সরকারি গ্রেট অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানায়। পরে সকাল ১০টার দিকে কারখানা কর্তৃপক্ষ এবিষয়ে কোনো কর্ণপাত না করেই ছুটি ঘোষণা করেন। এরপরই শ্রমিকরা কারখানার সামনে মহাসড়ক অবরোধ করেন।


