প্রতি মাসে দুই অ্যাপে বিদেশে শত কোটি টাকা পাচার

প্রতি মাসে দুই অ্যাপে বিদেশে শত কোটি টাকা পাচার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জনপ্রিয় দুই লাইভ ভিডিও স্ট্রিমিং অ্যাপ ‘লাইকি’ ও ‘বিগো লাইভ’ ব্যবহার করে প্রতি মাসে শত কোটি টাকা দেশে থেকে বিদেশে পাচার হচ্ছে।

দেশে এর সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি।

তারা হলেন- মোস্তাফা সাইফ রেজা (২৬), আরিফ হোসেন (২৭), এস এম নাজমুল হক (২৭), আসমা উল হুসনা সেজুতী (২৮) ও এক বিদেশি নাগরিক। এদের কাছ থেকে উদ্ধার করা হয় মোবাইল ফোন, ল্যাপটপ, প্রাইভেটকার, বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, চেক বই ও নগদ টাকা।

আজ রোববার (১৩ জুন) মালিবাগ সিআইডির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংস্থাটির সাইবার পুলিশ প্রধান ডিআইজি জামিল আহমেদ। এ সময় গ্রেপ্তার বিদেশি নাগরিক অ্যাপ দুটির সঙ্গে সম্পৃক্ত এবং মোস্তফা বাংলাদেশি অ্যাডমিন বলে জানান তিনি।

অন্যদের মধ্যে আরিফ বিগো লাইভে মেয়েদের চাকরি দেন, নাজমুল ডায়মন্ড বিক্রির দেশীয় অন্যতম প্রধান এজেন্ট এবং সেজুতি বিগো লাইভের প্রধান অ্যাডমিন এবং অন্য অ্যাডমিনরা মাসে লাখ টাকা বেতন পান, জানান ডিআইজি জামিল আহমেদ।

সিআইডি জানিয়েছে, লাইভ ভিডিও স্ট্রিমিং অ্যাপগুলোতে চ্যাট ও ফিসিং গেম রয়েছে। এসব গেমে ‘ডায়মন্ড’ নামে ডিজিটাল কারেন্সি ব্যবহৃত হয়, যা কেনাবেচা হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।

বিদেশি অ্যাডমিনদের কাছ থেকে এই ডায়মন্ড কিনে বিক্রি করছে বাংলাদেশি বিভিন্ন এজেন্সি। তাদের থেকে এটি কিনছে অ্যাপ ব্যবহারকারী লাখ লাখ বাংলাদেশি ও প্রবাসী বাংলাদেশিরা।

এভাবে এজেন্সিগুলোর মাধ্যমে অবৈধভাবে দেশ থেকে বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকা। এভাবে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে এক বছরে প্রায় শত কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *