পাথেয় রিপোর্ট : আসন্ন রমজানে চিনি, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য বৃদ্ধি না করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সামনে রোজা। এই সময় তেল, ছোলা, চিনিসহ নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে, সেজন্য অনুরোধ করছি। একইসঙ্গে পর্যাপ্ত সরবরাহ যেন থাকে, সে বিষয়টি দেখতে হবে।
বুধবার (৩ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের অর্থনৈতিক অঞ্চলে ৬৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
দেশব্যাপী ১১টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন এবং ১৩টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) আওতাধীন বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে ১৬টি শিল্পপ্রতিষ্ঠানের বাণিজ্যিক উৎপাদন শুরু, ২০টি নতুন শিল্পপ্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৫টি চলমান কাজের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
ভিডিও কনফারেন্সে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামালের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করব যাতে আসন্ন রমজানে চিনি, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকট না হয়। আপনাদের সবার প্রতি এটা আমার অনুরোধ।’
মোস্তফা কামাল মেঘনা গ্রুপের চেয়ারম্যানের পাশাপাশি সোনারগাঁয়ের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের কর্ণধার। পরে মুন্সিগঞ্জে আবদুল মোনেম ইকোনমিক জোনের কর্ণধারের সঙ্গে মতবিনিময়কালেও প্রধানমন্ত্রী একই অনুরোধ জানান।
বেপজা আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ ভিডিও কনফারেন্সটি সঞ্চালনা করেন এবং বেপজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী স্বাগত বক্তব্য দেন।


