সরকার ঘোষিত ৫ প্যাকেজ
প্রধানমন্ত্রীর নির্দেশ মতো
সামাজিক সুরক্ষা নিশ্চিত করুন
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সোমবার দৈনিক ও অনলাইন পত্রিকাগুলো প্রধান প্রধান শিরোনাম করেছে এমন ‘৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা’। দায়িত্ব নিয়ে প্যাকেজ করেছি কেউ অপব্যবহার করবেন না বলে নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো সন্দেহ নেই এই প্যাকেজ সাধারণ মানুষদের কাছে পর্যন্ত পৌঁছুলে দেশের চেহারায় হতাশার ছাপ থাকবে না। করোনা মোকাবিলায় অর্থনৈতিক কোনো অঘটন যাতে না ঘটে, সে চিন্তা থেকেই এই প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
রোববার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থনীতি পুনরুদ্ধারের প্যাকেজ ঘোষণা করা হয়। করোনা ভাইরাস জনিত অর্থনৈতিক প্রতিকূলতা কাটাতে আর্থিক সহায়তার পাশাপাশি সামাজিক সুরক্ষার আওতা বৃদ্ধি, কার্যকর ভূমিকা রাখবে বলে ব্যাপকভাবে আশা করা হছে। ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের অর্থনৈতিক কার্যক্রম স্তব্ধ হয়ে পড়েছে। বিশ্বের জানা ইতিহাসে কখনো বিশ্বজুড়ে এমন বিপর্যয়কর পরিস্থিতির উদ্ভব ঘটেনি। বাংলাদেশ যখন দ্রুততালে অর্থনৈতিক দিক থেকে সামনের দিকে এগিয়ে যাছিল, তখন এ বিপর্যয় জাতীয় অর্থনীতিতে হোঁচট খাওয়ার মতো বিসংবাদ হিসেবে আবির্ভূত হয়েছে। পাঁচটি প্যাকেজের আওতায় প্রথমটিতে ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যাংক ব্যবস্থা থেকে ৩০ হাজার কোটি টাকার ঋণ সুবিধা দেওয়া হবে।
৯ শতাংশ সুদের এই ঋণ সুবিধার অর্ধেক অর্থাৎ সাড়ে ৪ শতাংশ সুদ সরকার পরিশোধ করবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোকে দ্বিতীয় প্যাকেজে দেওয়া হবে ২০ হাজার কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল। যার ৯ শতাংশ সুদের ৫ শতাংশ সরকার পরিশোধ করবে। তৃতীয় প্যাকেজে বাংলাদেশ ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ সুবিধা বর্তমানের ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে।
সুদের হার কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ শতাংশ। চতুর্থ প্যাকেজে প্রি-শিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্স স্কিম নামে বাংলাদেশ ব্যাংক ৫ হাজার কোটি টাকার নতুন ঋণ সুবিধা চালু করবে যার সুদের হার হবে ৭ শতাংশ। এই চার প্যাকেজের পাশাপাশি আগের ৫ হাজার কোটি টাকার প্রণোদনা রপ্তানিমুখী শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতনভাতা দানে দেওয়া হবে। যা পরবর্তীতে ঋণগ্রহীতা স্বল্পসুদে পরিশোধ করার সুযোগ পাবেন।
পাঁচটি প্যাকেজে যে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে তা জিডিপির প্রায় ২.৫২ শতাংশ। আমরা মনে করি, এ পাঁচ প্যাকেজ সদ্ব্যবহারের মাধ্যমে শিল্পোদ্যোক্তারা করোনা ভাইরাসজনিত সংকট নিরসনে সক্ষমতা দেখাতে সক্ষম হবেন। জাতীয় অর্থনীতির জন্য যা আশীর্বাদ বলে বিবেচিত হবে।


