প্রধানমন্ত্রী তারেক রহমান আজ প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ শনিবার (২ মে) সিলেট সফরে যাচ্ছেন। তাঁর এই সফরকে ঘিরে ইতোমধ্যে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছাবেন। সেখান থেকে সরাসরি মহান সুফি সাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।

এরপর বেলা ১১টার দিকে সুরমা নদী তীরবর্তী চাঁদনিঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই স্থানে আয়োজিত সুধী সমাবেশেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

পরবর্তী সময়ে বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ওভারসিজ সেন্টার, সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় সিলেট সদর উপজেলা-র কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে।

বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম-এ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

সফরের শেষ পর্যায়ে বিকাল ৫টায় দলীয় এক সভায় অংশ নেওয়ার পর একই দিন ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এই সফরকে কেন্দ্র করে সিলেটে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও এ সফর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

Related Articles