প্রাথমিকে পাসে শীর্ষে বরিশাল, জিপিএতে ঢাকা

প্রাথমিকে পাসে শীর্ষে বরিশাল, জিপিএতে ঢাকা

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক সমাপনী পরীক্ষায় সাত বিভাগের মধ্যে এবার বরিশাল বিভাগে শিক্ষার্থীদের পাসের হার সবচেয়ে বেশি। আর সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বিভাগের শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

পঞ্চম শ্রেণির এই সমাপনী পরীক্ষায় এবার সারা দেশে ৯৫ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে বরিশাল বিভাগে পাসের হার সবচেয়ে বেশি- ৯৬ দশমিক ২২ শতাংশ।

গত বছরও বরিশাল বিভাগে পাসের হার সবচেয়ে বেশি ছিল। আর জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ছিল ঢাকা বিভাগের শিক্ষার্থীরা।

প্রাথমিক সমাপনীতে ২ লাখ ৬২ হাজার ৬০৯ শিক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছে ৫০ হাজার ৪৩৩ জন।

বর্তমানে আটটি বিভাগ হলেও ময়মনসিংহ বিভাগের জন্য আলাদা ফলাফল তৈরি করেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ময়মনসিংহ বিভাগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসনিক পদ সৃষ্টি না হওয়ায় ওই বিভাগের ফল এবার আলাদা করে দেখানো হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *