পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কাহিনী হার মানাল নাটক সিনেমাকেও। এবারে প্রেমিকার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের উঁচু টাওয়ারে উঠে পড়লেন প্রেমিক। সেখান থেকে উচ্চস্বরে বলতে থাকেন– প্রেমিকার সঙ্গে তার বিয়ে না হলে আত্মহত্যা করবেন।
শনিবার (২০ জুন) মধ্যরাতে নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এক কান দু কান করে গ্রামবাসীর মধ্যে খবর ছড়িয়ে পড়লে ভীড় জমে যায় টাওয়ারের নিচে। খবর যায় পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীদের কানেও। অবশেষে টান টান উত্তেজনার মধ্য দিয়ে তার প্রেমিকার সঙ্গে বিয়ের আশ্বাস দিয়ে নানা কৌশলে আদমজী বিহারি ক্যাম্পের বিপ্লব নামের ওই প্রেমিককে আড়াই ঘন্টা পর নামানো হয় ওই টাওয়ার থেকে।
সূত্রে জানা গেছে প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করতে বিদ্যুতের উঁচু টাওয়ারের ৬৫ থেকে ৭০ ফুট ওপরে উঠে ওই প্রেমিক। পরে প্রেমিকার সঙ্গে বিয়ে দেয়ার শর্তে প্রায় আড়াই ঘণ্টা পর বিপ্লব নামে ওই যুবককে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ও পুলিশ।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, ওই যুবক বিদ্যুৎ সঞ্চালন লাইনের ৬৫-৭০ ফুট ওপরে উঠে যায়। ঘটনাস্থলে গিয়ে আমরা বিভিন্ন উপায়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে নিচে নামিয়ে আনতে সক্ষম হই।
এমনকি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারে দড়ি বেঁধে ফাঁসি দেয়ার প্রস্তুতিও নিয়ে রাখে এ যুবক।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা, পুলিশ ও পরিবারের সদস্যদের অনেক অনুরোধেও বিপ্লবকে নিচে নামতে রাজি করানো যাচ্ছিল না। বিভিন্ন শর্তে প্রায় এক ঘণ্টা পর বিহারি ক্যাম্পের মেম্বার ভোলা ওরফে ভোলা মেম্বারের কথায় কিছুটা নিচে নেমে এলে আশপাশের লোকজনের চিৎকার এবং তাকে নিচে নামিয়ে আনতে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের এগিয়ে যেতে দেখে পুনরায় তিনি ওপরে উঠতে থাকেন।
এর পর তার ভাইয়ের মাধ্যমে ফায়ার সার্ভিসের হ্যান্ড মাইকে কথা বলতে পুনরায় কিছুটা নিচে নেমে এলে টাওয়ারের অপর প্রান্ত দিয়ে স্থানীয় দুজন ওপরে উঠে তাকে ধরে ফেলে। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ওপরে উঠে তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনতে সক্ষম হন।
বিপ্লবের বাবা জানান, তার ছেলে মাদকাসক্ত। প্রায়ই মাদকের টাকার জন্য ঘরে হুমকি-ধমকিসহ নানা অঘটন ঘটায়। বেশ কয়েক দিন ধরে একই ক্যাম্পের এক তরুণীকে বিয়ে করতে পরিবারের অনুমতি চায় বিপ্লব। কিন্তু পরিবার এতে সম্মতি না দেয়ায় সে এ ঘটনা ঘটায়।
/এএ


