প্রেসকনফারেন্স করে শ্রীলঙ্কায় হামলার নিন্দা হিন্দ জমিয়তের

প্রেসকনফারেন্স করে শ্রীলঙ্কায় হামলার নিন্দা হিন্দ জমিয়তের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শ্রীলঙ্কার তিনটি গির্জা, তিনটি অভিজাত হোটেল, কলম্বো এবং এর পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ সিরিজ বোমা হামলার প্রতিবাদে প্রেস কনফারেন্সের আয়োজন করে নৃশংস ও ন্যক্কারজনক এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতে একশত বছরের পুরানো জনপ্রিয় সামাজিক সংগঠন জমিয়তে উলামা হিন্দ।

প্রেস কনফারেন্সে সন্ত্রাস ও জঙ্গিবাদ কখনো সফল হতে পারবে না মন্তব্য করে জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানী বলেছেন, সন্ত্রাসী ও জঙ্গিদের কোনো দেশ কিংবা ধর্ম নেই। তারা সমাজের শান্তি নষ্ট করতে চেষ্টা করে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বাঁধা হয়ে দাঁড়ায়। সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে সর্বদা সতর্ক থাকতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের মোকাবিলা করলে তারা কখনোই সফল হতে পারবে।

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার প্রতিবাদে ২৩ এপ্রিল মঙ্গলবার বিকেল ৩টায় ভারতের নয়াদিল্লি-এর ডেপুটি স্পিকার হলে আয়োজিত প্রেস কনফারেন্স জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি এসব কথা বলেন।

ভারতের অনলাইন নিউজ পোর্টাল জাহাজি মিডিয়া-এর সূত্রে জানা যায়, এ ঘটনায় ৩১০ জনের মৃত্যু হওয়ায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানী। তিনি ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা করা সন্ত্রাসীরা তাদের ধর্ম বানিয়ে নিয়েছে। অথচ মুসলিমদের গির্জা, প্যাগোডা, মন্দির ইত্যাদি উপাসনালয়ে হামলা করা জায়েজ নেই। এসব আত্মঘাতী হামলা চালিয়ে মুক্তি পাওয়া যায় না। তিনি বলেন, আমি শ্রীলঙ্কায় ঘটে যাওয়া সিরিজ বোমা হামলায় নিহতদের প্রতি গভীর শোক জানাই। নিহতদের পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

উল্লেখ, ২১ এপ্রিল রোববার ভারতীয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উপাসনালয়গুলোতে হামলা করা সন্ত্রাসীরা তাদের লক্ষ্যবস্তু বানিয়ে নিয়েছে মন্তব্য করে মাওলানা মাদানী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মানব সমাজের জন্য হুমকি। ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা করা যেন সন্ত্রাসীরা তাদের লক্ষ্যবস্তু বানিয়ে নিয়েছে। তিনি বলেন, সন্ত্রাসবাদের জন্য কোনো নির্ধারিত ধর্ম বা জনগোষ্ঠীকে দায়ী করা যাবে না। বিশ্ববাসীকে এখনই সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সজাগ হতে হবে। জঙ্গি-সন্ত্রাসবাদ মোকাবেলায় পরিবার, সমাজ, রাষ্ট্র, ধর্মীয় চিন্তাবিদ, শিক্ষাবিদ সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

নয়াদিল্লি-এর ডেপুটি স্পিকার হলে আয়োজিত প্রেস কনফারেন্স উপস্থিত ছিলেন মিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি মাওলানা হাকিমুদ্দীন কাসেমী, জামায়াতে ইসলামী হিন্দের সাবেক নায়েবে আমীর জনাব নুসরাত আলী, দিল্লি সংখ্যালঘু কমিশন-এর চেয়ারম্যান ডাক্তার জাফরুল ইসলাম খান, দিল্লি সংখ্যালঘু কমিশন-এর পুরাতন সদস্য এ.সি. মাইকেল, আল ভারত খ্রিস্টান পরিষদ-এর সাবেক সাধারণ সম্পাদক ড. জাইন দয়াল, আল ভারত মুসলিম মজলিশ-এর সভাপতি জনাব নাবিদ হামিদ, ভারতের মুসলিম বোর্ডের সদস্য জনাব কমল ফারুকী, দিল্লি শিয়া জামে মসজিদের ইমাম মাওলানা মহসিন তাকাবী, সামাজিক কর্মী জনাব খালীদ সাফী, মাওলানা নিয়াজ আহমেদ ফারুকী, মাওলানা নাদিম প্রমুখ।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার তিনটি চার্চ, তিনটি অভিজাত হোটেল, কলম্বো এবং এর পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১০ জনে দাঁড়িয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৫০০জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির স্থানীয় সময় গত রোববার সকাল ৮ টা ৪৫ নাগাদ খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানের তিনটি গির্জায় বোমা বিস্ফোরণ ঘটে।

পা.টো.ড/আদিল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *