পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওয়ামী লীগ নেতা ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ কটাক্ষ করে বলেছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচন কমিশনার বা ইসি করলে বিএনপি খুশি হবে। এর জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মির্জা ফখরুলকে প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি আর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্রকে ইসি করলেও নির্বাচন সুষ্ঠু হবে না।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক দলের দোয়া মাহফিলে তিনি আরো বলেন, ইসির পদ্ধতিগত পরিবর্তন দরকার, সেটি হলো নির্বাচনকালীন অরাজনৈতিক সরকার। সুষ্ঠু ভোটের জন্য এর কোনো বিকল্প নেই।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ করোনায় আক্রান্ত দলটির নেতা-কর্মীদের সুস্থতা কামনার এ দোয়া অনুষ্ঠানে অতিথি করা হয় গয়েশ্বর চন্দ্র রায়কে। এতে তিনি বলেন, মানুষের রোগ হলে চিকিৎসায় ভালো হয়। কিন্তু জাতি যে রোগে আক্রান্ত, তার চিকিৎসা সবার আগে দরকার। কেবল দোয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে এই আক্রমণ থেকে নিস্তার মিলবে না।
গত ১৫ বছর ‘পুরো জাতি নির্যাতিত’ মন্তব্য করে বিএনপি নেতা গয়েশ্বর বলেন, জনগণের দ্বারা নির্বাচিত না হওয়া সরকারের এমন চরিত্র হবে, এটাই স্বাভাবিক। রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে জনগণের আকাঙ্ক্ষা, অধিকার চাপা দিয়ে দেশের সম্পদ লুটপাট করছে তারা। সেই অর্থ বিদেশে পাচার করে দেশের মেরুদণ্ডটা ভেঙে ফেলা ও অর্থনৈতিকভাবে পঙ্গু করার ষড়যন্ত্র হচ্ছে।
এই ‘ষড়যন্ত্র বুঝতে অক্ষম হলে দেশ বাঁচানো কষ্টকর হবে উল্লেখ করে তিনি আরো বলেন, শক্তি প্রয়োগ করে সবার মুখ বন্ধ রাখতে পারে, আমরা অন্ধ হলেও বিশ্ব অন্ধ নয়। গণতান্ত্রিক দেশগুলোর চোখ খোলা থাকায় দেরিতে হলেও সরকারের কুকর্ম, কুকীর্তিগুলো প্রকাশ পেয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, কৃষক দলের নাসির হায়দার, খলিলুর রহমান, শহীদুল ইসলাম বাবুল, মোশারফ হোসেন প্রমুখ।


