ফাঁকা মাঠে জয় পেলেন না ফেদেরার

ফাঁকা মাঠে জয় পেলেন না ফেদেরার

স্পোর্টস রিপোর্ট ● রজার্স কাপ আলো হারিয়েছিল শুরুতেই। চোটের কারণে অংশ নেননি অ্যান্ডি মারে ও নোভাক জোকোভিচ। রাফায়েল নাদালও বাদ পড়েছিলেন দ্বিতীয় রাউন্ডেই। বাকি ছিলেন শুধু রজার ফেদেরার। কিন্তু কয়েক দিন আগেই উইম্বলডনে নিজের অষ্টম শিরোপা জেতা সুইস কিংবদন্তি জিততে পারলেন না প্রত্যাশিত শিরোপা। মন্ট্রিয়েলে ফাইনালে তিনি হেরে গেছেন জার্মানির আলেকজান্ডার জভেরভের কাছে, ৬-৩, ৬-৪ গেমে।

ফেদেরারকে হারিয়ে দারুণ খুশি জভেরভ। তবে স্বীকার করেছেন ম্যাচটি তাঁর জন্য যথেষ্ট কঠিনই ছিল, ‘শুরু থেকেই যতটা সম্ভব আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছি। ফেদেরার যদি তাঁর ফোরহ্যান্ড ও ব্যাকহ্যান্ডগুলো নিয়ে আক্রমণাত্মক হতেন, আমার জন্য দিনটি সহজ হতো না।’

গত জুনেই হাল ফাইনালে ফেদেরার হারিয়েছিলেন জভেরভকে। রজার্স কাপে সেটিরই বদলা নিলেন এই জার্মান তারকা। শিরোপা জয়ের দিক দিয়ে ফেদেরারের সঙ্গে ব্র্যাকেটবন্দীই আছেন তিনি—দুজনই এ বছর জিতেছেন ৫টি করে শিরোপা।

ফেদেরারের কণ্ঠেও ছিল প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা, ‘এটি জভেরভের এক অনন্য ও অসাধারণ অর্জন। আমি তার জন্য খুবই খুশি। কারণ সে সবকিছু থেকে এক ধাপ নয় বরং দুই ধাপ এগিয়ে গেল।’

১৬ ম্যাচ অপরাজিত থাকা ফেদেরার এই মৌসুমে তাঁর তৃতীয় হারের স্বাদ নিলেন। ম্যাচে জার্মান প্রতিপক্ষ ৬টি এইস মেরেছেন। প্রথম সার্ভের ৮০ শতাংশই নিজের করে নিয়েছেন। মাত্র ৬৮ মিনিটেই রেকর্ড ১৯টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ীকে ছিটকে দেন ফাইনাল থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *