আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ব্যাটে-বলে ইংল্যান্ডকে রীতিমতো বিধ্বস্ত করে ফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান। গতকাল বুধবার কার্ডিফের সোফিয়া গার্ডেনে ইংল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছেন সরফরাজরা। এদিকে বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে এক চাপ অনুভূত হচ্ছেÑ পারবে টাইগাররা পাকিস্তানের সঙ্গী হতে? রাজকীয় খেলাটা মাশরাফিরা উপহার দিলে সেটাও যে কঠিন নয়Ñ এমন আশাবাদ সবারই।
ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর অনেকেই পাকিস্তানকে হিসাবে ধরেননি। সেই দলটিই টানা দুই জয় দিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। সেমিফাইনালে অপ্রতিরোধ্য রূপে ধরা দেয় সরফরাজ আহমেদের দল। ইংল্যান্ডকে ২১১ রানে বেঁধে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে ৭৭ বল বাকি থাকতেই দারুণ জয় তুলে নেয় পাকিস্তান।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর পর পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে ৪৯.৫ ওভারে ২১১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় পাকিস্তান। সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার আজহার আলি ও ফখর জামানের হাফ সেঞ্চুরিতে উদ্বোধনী জুটিতেই ১১৮ রান তুলে ফেলে পাকিস্তান।
ইনিংসের ২২তম ওভারে বোলিংয়ে এসে ফখর জামানকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে জুটি ভাঙেন ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ। ফখর করেন ৫৭ রান। এরপর ৩৩তম ওভারে বোলিংয়ে এসে ইংলিশ পেসার জেইক বল বোল্ড করে আজহার আলিকে সাজঘরে ফেরত পাঠালেও পা হরকায়নি পাকিস্তানের। তৃতীয় উইকেট জুটিতে বাবর আজম (৩৮) ও মোহাম্মদ হাফিজ (৩১) অবিচ্ছিন্ন থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এর আগে কার্ডিফের সোফিয়া গার্ডেনে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান সরফরাজ আহমেদ। পাকিস্তানি বোলারদের দাপটের মুখে পড়ে নির্ধারিত ৫০ ওভারের এক বল বাকি থাকতে ২১১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে জো রুট ৪৬, জনি বেয়ারস্টো ৪৩, বেন স্টোকস ৩৪ এবং এউইন মরগ্যান করেছেন ৩৩ রান। অ্যালেক্স হেলস ১৩ এবং মঈন আলি করেন ১১ রান। পাকিস্তানের হয়ে হাসান আলি সর্বোচ্চ ৩ উইকেট নেন। রুম্মান রইস ও জুনায়েদ দুটি করে ও শাদাব খান নেন একটি করে উইকেট।
একসময় ২ উইকেটে ১২৮ রান ছিল ইংল্যান্ডের। ১২৮ থেকে ১৪৮ রানের মধ্যে রুট, মরগ্যান ও জস বাটলারকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টার পর ৩০ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ২১১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ১০ ওভার বল করে ৩৫ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করা পাকিস্তানি পেসার হাসান আলি ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বার্মিংহামের এজবাস্টনে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।


