পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের ফাজিল তথা স্নাতক পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি থেকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দেশে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শিক্ষামন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সোমবার (২৪ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন। করোনার সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে দেশের স্কুল, কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনা অনুযায়ী চলবে বলে জানানো হয়েছে।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর আগে গত ৫ জানুয়ারি তাদের অধীনে ফাজিল ১ম, ২য়, ও ৩য় বর্ষের নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, রিটেইক ও মানোন্নয়ন পরীক্ষার জন্য সংশোধিত রুটিন প্রকাশ করে।
ওই সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে করোনা ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেও পরীক্ষা চালু রাখার পাশাপাশি বেশ কয়েকটি নির্দেশনার কথা জানানো হয়। তবে শেষ পর্যন্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিলো ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, চলমান পরিস্থিতিতে বেশ কয়েকটি বিশ্বদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর কথা জানিয়েছে।


