পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ফিলিপাইনে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির রাজধানীতে ভবনগুলো কেঁপে উঠলেও হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটি ম্যানিলার প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দক্ষিণে আঘাত হানে।
বাতাঙ্গাস প্রদেশের ক্যালাকা শহরের দুর্যোগ সংস্থার কর্মকর্তা রাফায়েল কুয়েভাস বলেছেন, ‘এখন পর্যন্ত সব কিছু ঠিক আছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা একটি শক্তিশালী ঝাঁকুনি অনুভব করেছি ১০ সেকেন্ডেরও কম সময়ের জন্য তা স্থায়ী ছিল।’
মাবিনি অঞ্চলের দুর্যোগ প্রধান আর্নল্ড প্যানোপিও বলেছেন, ‘প্রথমে সামান্য ঝাঁকুনি অনুভব করি, এর পরেই শক্তিশালী হয়ে ওঠে ভূমিকম্পটি।
সঙ্গে সঙ্গে আবার থেমেও যায়।’ প্যানোপিও আরো বলেছেন, কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফিলিপাইনে ভূমিকম্প সাধারণ ঘটনা। কারণ প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ দেশটির অবস্থান।
সূত্র : আল-অ্যারাবিয়া

