পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অধিকৃত পশ্চিম তীরের কালকিলিয়া শহরের কাছে ইসরায়েলি সেনারা ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। ১০ মার্চ, শুক্রবার নৃশংস এই হত্যার ঘটনা ঘটেছে। খবর দ্য নিউ আরব।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলি সেনারা কালকিলিয়ার প্রবেশপথে একটি সামরিক চেকপয়েন্টে ফিলিস্তিনিদের উপর হামলা করে। এ সময় ষোল বছর বয়সী আমির মামুম ওদেহ এর বুকে গুলি লাগে। এই সহিংসতায় আরও কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার ওদেহ ছাড়াও ২১ বছর বয়সী আবদেল করিম বাদিহ আল শেখ নামের আরও এক ফিলিস্তিনি নিহত হন। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তার গ্রামে অভিযান চালানোর সময় তাকে হত্যা করেছে।
এদিকে বৃহস্পতিবার ইসরায়েলি সৈন্যরা জেনিন ব্রিগেডের একটি শাখা জাবা ব্রিগেডের সদস্য তিনজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। আর বুধবার জেনিনে আরেকটি গণহত্যায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীরা কমপক্ষে ৮০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে ওদেহসহ ১৫ জন শিশুও রয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলো চলতি বছরকে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে বেশি রক্তক্ষয়ী বছর হিসেবে চিহ্নিত করেছে।


