ফেরিঘাটে আটকা পড়াদের ফিরিয়ে আনবে পুলিশ : আইজিপি

ফেরিঘাটে আটকা পড়াদের ফিরিয়ে আনবে পুলিশ : আইজিপি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাধারণ ছুটির মধ্যেই ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছিল ফেরিঘাটে। এই ঢল ঠেকাতে গতকাল দুপুরেই ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে ঘাটেই আটকা পড়েছে বিপুল সংখ্যক মানুষ। তাদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। প্রয়োজনে পুলিশও তাদের ফেরার ব্যবস্থা করবে বলে উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার (১৯ মে) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়াম আয়োজিত সংবাদ সম্মেলনে ঘরে ফেরা মানুষদের প্রতি এ আহ্বান জানান আইজিপি।

আসন্ন ঈদ উপলক্ষে পুলিশের পক্ষ থেকে নেয়া আইনশৃঙ্খলা প্রস্তুতি জানাতে আয়োজিত এই সংবাদ সম্মেলনের শুরুতেই করোনা সংক্রমণ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার অনুরোধ জানান ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, সরকারের নির্দেশ, কেউ এবারের ঈদে বাড়ি ফিরবেন না। আমরা লক্ষ্য করছি অনেকেই নানা উপায়ে বাড়ি ফেরার চেষ্টা করছেন। কেউ কেউ পায়ে হেঁটেও যাচ্ছেন। এভাবে যাওয়ার ফলে সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে। তাই বলবো, যেখানে আছেন, সেখানেই থাকেন। বেঁচে থাকলে অনেক ঈদ আসবে।

পুলিশ প্রধান বলেন, এই মুহূর্তে ফেরিঘাটে ৩ নম্বর সতর্কতা সংকেত চলছে। এর মধ্যে অনেকে ফেরিঘাটে ভিড় করছেন। নানা চোরাই পথে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হওয়ার চেষ্টা করছেন। আমরা নৌপুলিশকে বলেছি, এগুলো প্রতিহত করতে। যারা ফেরিঘাটে চলে গেছেন, তাদের বলবো ফিরে আসুন। প্রয়োজনে আপনাদের ফিরে আসার ব্যবস্থা পুলিশ করবে।

তিনি বলেন, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ২৩টি জেলা করোনামুক্ত ছিল। কিন্তু যখনই লোকজন চলাচল বাড়িয়ে দিল, তখনই দেশজুড়ে এই সংক্রমণ ছড়িয়ে পড়ছে। যেখানে যেখানে চেকপোস্ট, থেমে যান। ফিরে আসুন। দয়া করে আপনি যেখানে আছেন, সেখানেই থাকেন।

আইজিপি বলেন, ঈদের নামাজ খোলা জায়গায় নয়, মসজিদে পড়ুন। যতটা সম্ভব কম সময় থাকুন। বাসা থেকে সুরক্ষার সব প্রস্তুতি নিয়ে যাবেন। আর দয়া করে ঈদের দিন কেউ এখানে সেখানে ঘুরতে যাবেন না। মার্কেটে এই দোকান, ওই দোকান ঘুরে শপিং না করে স্বল্প সময়ের মধ্যে কাজ শেষ করে ঘরে ফিরে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি রয়েছে জানিয়ে পুলিশ প্রধান বলেন, আমরা নিয়মিত নজরদারি করছি। কেউ যদি সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য দেশবিরোধী প্রচারণা চালায়, তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেয়া হবে। গুজব প্রতিরোধে মূলধারার গণমাধ্যমের ভূমিকার প্রশংসাও করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *