পাথেয় ডেস্ক : পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় অন্তত ৫শ ট্রাক। রাজধানীসহ মধ্যাঞ্চলের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যোগাযোগের ব্যস্ততম এই নৌরুটে অপেক্ষমান ট্রাকের লাইন দীর্ঘ হচ্ছে ফেরি সংকট ও লক্কর-ঝক্কর ফেরির কারণে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারাপারের অপেক্ষায় পাঁচ শতাধিক ট্রাক লাইনে রয়েছে বলে ঘাটসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
দৌলতদিয়া ফেরিঘাট এলাকা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক রুহুল আমীন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ১৫টি ফেরি রয়েছে। এর মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে ২-৩টি ফেরি পাটুরিয়া ঘাট এলাকার ভাসমান কারখানায় মেরামতে রয়েছে। একদিকে যানবাহনের তুলনায় ফেরি সংকট, অন্যদিকে আবার ফেরিগুলো দীর্ঘদিনের পুরনো হওয়ায় প্রায়ই ২-৩টি করে মেরামতে থাকে। যে কারণে ফেরিঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন অপেক্ষমান থাকে।
আজ সকালে সবশেষ খবর পাওয়া পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি। পাটুরিয়া ফেরিঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পাটুরিয়া ঘাট এলাকায় ২০ থেকে ৩০টি যাত্রীবাহী পরিবহন ও দুই শতাধিক পণ্যবাহী ট্রাক পদ্মা পার হওয়ার অপেক্ষায় রয়েছে।


