পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফেরেশতাদের দুআ পেতে চাই, অভিশাপ নয় মন্তব্য করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, মানুষ যখন মিথ্যা বলে, গীবত করে, জিনা-ব্যভিচার করে, বিভিন্ন ধরনের গুণাহে লিপ্ত হয়, তখন মানুষের শরীরে, বাতাসে এসব পাপাচারে দুর্গন্ধ ছড়ায়। আর ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে না পেরে আল্লাহর কাছে দুআ করে বলে- ‘হে আল্লাহ ওরা আমাদেরকে কষ্ট দিচ্ছে। মিথ্যা কথা বলে বেড়েচ্ছে। তুমি তাদের উপর অভিশাপ বর্ষণ করো।
আল্লামা মাসউদ বলেন, বাতাস ভালো-মন্দের প্রভাব গ্রহণ করে। মানুষ যখন ভালো কাজ করে, আল্লাহ আল্লাহ জিকির করে, মালিকের ইবাদতে মগ্ন হয়, গুণাহ নাফরমানী করা থেকে বিরত থাকে, তখন বাতাসে এসব নেক কাজের সুঘ্রাণ ছড়ায়। আর ফেরেশতারা এই সুঘ্রাণ পেয়ে আল্লাহর কাছে দুআ করে বলে- ‘হে আল্লাহ, ওরা আমাদের শান্তি দিয়েছে। তুমি তাদেরকে ক্ষমা করো, রহমতের চাদরে তাদেরকে আবৃত করে রাখুন।
১২ অক্টোবর শুক্রবার রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
বাতাসকে হকের আওয়াজ দিয়ে ভারী করতে হবে মন্তব্য করে আল্লামা মাসঊদ বলেন, হকের আওয়াজ যখন ভারী হয় তখন সমস্ত জায়গায় আল্লাহ তাআলা হকের আওয়াজ দিয়ে ভরে দেন, আপ্লুত করে দেন। তখন হেদায়ত আম হয় এবং মানুষ ইসলামের দিকে অনুপ্রাণিত হতে থাকে। তখন কাট্টা কাফের আবু জেহেলের ঘরেও ইকরামার মত লোক পয়দা হয়ে যায়। আর এই বাতাসের মধ্যে যখন মিথ্যা বাতিলের আওয়াজ ভারী হয়। তখন এই বাতাসকে কেউ ঠেকাইতে পারেনা, এই বাতাস মুজুরীর ঘরেও ডুকে, প্রজার ঘরের ঢুকে, বাদশার ঘরেও ঢুকে, আল্লাহ ওয়ালার ঘরেও ঢুকে, ব্যভিচারিণীর ঘরেও ঢুকে। তখন নুহ আ.-এর ঘর থেকে কাফের জন্ম হয়।
মসজিদে উপস্থিত মুসল্লিদেরকে আল্লাহর আওয়াজে বাতাস ভারী করার আহ্বান জানান তিনি।
আল্লাহর শুকরিয়া আদায় ও কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লামা মাসঊদ বলেন, আল্লাহ আমাদেরকে যশোর থেকে সুনামগঞ্জ পর্যন্ত পৌঁছে দিয়েছেন তাঁর রহমতের কোলে বসিয়ে। আল্লাহর আওয়াজ বাতাসে ভারী করতে করতে আমরা যশোর থেকে সুনামগঞ্জ পর্যন্ত পৌঁছেছি আলহামদুল্ল্লাহ। ৪ দিনব্যাপি বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে আলেম-জনতা ঐক্য গড়ার আহ্বানে, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি বিরুদ্ধে ঐতিহাসিক পথযাত্রা সুস্থ, সুন্দর, সফল ও নিরাপদ শেষ হওয়ার মাবুদের শুকরিয়া আদায় ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।


