পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউরোপের অভিবাসীদের নিয়ন্ত্রণ করতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর উত্থাপিত ‘ইসলামী বিচ্ছিন্নতাবাদ’ আইনের নিন্দা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (৪ অক্টোবর) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, ‘আমাদের গৌরবান্বিত ধর্মে নিন্দা করা কারো কাজ নয়। আর তা উন্নয়নের চেষ্টা করা ভ্রান্তি ও বিকৃতির শামিল। আমাদের ধর্মের অর্থ শান্তি।’
বিবৃতিতে বলা হয়, ‘ফ্রান্সের আইনটি সমাধানের বদলে সংকটের দিকে যাবে। তা ছাড়া আইন অনুযায়ী বিশ্বাসীদের পালনীয় ধর্মীয় কোনো বিষয়ের ব্যাখ্যা প্রদানের অধিকার রাষ্ট্রের নেই। তাই ইউরোপীয় ইসলাম ও ফ্রান্সের ইসলামের মতো চিন্তা-চেতনা মানবাধিকারবিষয়ক আইনের লঙ্ঘনের শামিল। তা অভিবাসী আতঙ্ক, বর্ণবাদ, বৈষম্য ও মুসলিমবিরোধী ঘৃণাবোধকে আরো উসকে দেবে।’
ফরাসি কর্তৃপক্ষ শুধু নিরাপত্তা ভাবনা থেকে মানুষের ধর্মীয় বিষয়াবলি ব্যাখ্যার বদলে সামাজিক, ধর্মীয় ও নৈতিক চাহিদা পূরণ করে এমন বক্তব্য দেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয় বিবৃতিতে।
গত শুক্রবার (২ অক্টোবর) ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ ‘ইসলামী বিচ্ছিন্নতাবাদ’ প্রতিরোধের প্রতিশ্রুতি দিয়ে ফ্রান্সের কিছু মুসলিম জনগোষ্ঠী নিয়ন্ত্রণের কঠোর হুমকি দেন।
সূত্র : ডেইলি সাবাহ


