পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কয়েক সপ্তাহ ধরে জনতার বিক্ষোভ চলছে ফ্রান্সজুড়ে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে আবারো বিক্ষোভে নেমেছে জনতা। জানা যায়, ৮ ডিসেম্বর শনিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ শতাধিক লোক আহত হয়েছে বলেও জানা গেছে।
ফ্রান্সে তিন সপ্তাহ ধরে চলছে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন। এই আন্দোলনে যোগ দিতে প্যারিসের রাস্তায় আবারো জড়ো হয়েছে হাজারো বিক্ষোভকারী।
শনিবার শ্য এলিসি অ্যাভিনিউয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগুতে থাকে আন্দোলনকারীরা।ব্যারিকেড ভেঙে এগুতে গেলে বাধা দেয় পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। জবাবে ইট-পাটকেল ছোঁড়ে আন্দোলনকারীরা।
১ ডিসেম্বর শনিবার পুলিশ-জনতা সংঘর্ষে রাজধানী প্যারিস রণক্ষেত্রে পরিণত হয়। এই সংঘর্ষে অন্তত ১১০ জন আহত হয়েছে। ২৭০ জনকে গ্রেপ্তার করা হয়।
সরকারের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘হলুদ জ্যাকেট’ পরিহিত আন্দোলনকারীরা এই বিক্ষোভ করছে। জানা গেছে, বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড এবং জল কামান ব্যবহার করেছে পুলিশ। পুলিশের দিকে ‘প্রোজেক্টাইল’ ছুঁড়েছে বিক্ষোভকারীরা। প্যারিসের কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দিয়েছে তারা।
কর্মকর্তাদের ভাষ্য, এই সংঘর্ষের কারণে নিরাপত্তা বাহিনীর ১৭ জনসহ অন্তত ১১০ জন আহত হয়েছে। ২৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সূত্র: সিএনএন


