বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান

বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২০’-এ অংশ নেয়া প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে বাংলা একাডেমি। বইয়ের গুণমান বিচারে তিন ক্যাটাগরিতে পাঁচটি এবং স্টলের নান্দনিক সাজসজ্জার জন্য তিনটি প্রকাশনা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।

সম্প্রতি বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ সব পুরস্কারপ্রাপ্ত স্টলের নাম ঘোষণা করা হয়।

মেলার সমাপনী অনুষ্ঠানে বিজয়ী প্রকাশনা প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, বাংলা একাডেমির সম্মানিত মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীসহ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল মান্নান ইলিয়াস ও অমর একুশে গ্রন্থমেলা-২০২০-এর সদস্য সচিব ড. জালাল আহমেদ উপস্থিত ছিলেন।

বইমেলা-২০২০-এ অংশ নেয়া প্রকাশনা সংস্থাগুলোর স্টলের নান্দনিক সজ্জার জন্য ’শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’ পেয়েছে প্যাভিলিয়ন ক্যাটাগরিতে ’বাংলাপ্রকাশ’, এক ইউনিট স্টল ক্যাটাগরিতে ’অভিযান প্রকাশনী’, ২-৪ ইউনিট স্টল ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ’কুঁড়েঘর’।

ঘোষণা অনুযায়ী এবারের বইমেলায় বিষয় ও গুণগত মান বিবেচনায় সবচেয়ে বেশি বই প্রকাশের জন্য ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’ পেয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান কথাপ্রকাশ।

অন্যদিকে গুণগত মানসম্পন্ন সবচেয়ে বেশি শিশুতোষ বই প্রকাশের জন্য ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’ পেয়েছে পাঞ্জেরী পাবলিকেশন্স।

এ ছাড়া শৈল্পিক ও গুণগত মানসম্পন্ন সেরা বই প্রকাশের জন্য ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ পেয়েছে তিনটি প্রতিষ্ঠান। এর মধ্যে আবুল হাসনাতের লেখা ‘প্রত্যয়ী ম্মৃতি ও অন্যান্য’ বইয়ের জন্য জার্নিম্যান বুকস, মঈনুস সুলতানের ‘জোহানেসবার্গের জার্নাল’ বইয়ের জন্য প্রথমা প্রকাশনী ও রফিকুন নবীর ‘পথরেখা’ বইয়ের জন্য এই পুরস্কার পেয়েছে বেঙ্গল পাবলিকেশন্স।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *