পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট এক বার্তায় এই অভিনন্দন জানান।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকারের ১০ দিনের অনুষ্ঠানমালার শেষ দিনে আজ শুক্রবার (২৬ মার্চ) জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে এরদোয়ানের এই বার্তা প্রচার করা হয়।
বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে এরদোয়ান বলেন, ‘কোভিড-১৯ মহামারি যা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এ জন্য আমার পক্ষে এই আমন্ত্রণ গ্রহণ করা সম্ভব হয়নি। তবে যদি পরিস্থিতি ভালো হয়, বাংলাদেশ সফরের ইচ্ছা আমার আছে।’
আরও পড়ুন : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে সৌদির শুভেচ্ছা
তিনি বলেন, ‘দুই দেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্বমূলক অনুভূতি আমাদের সম্পর্ককে আরও উন্নত করার জন্য ইচ্ছাশক্তিকে দৃঢ় করবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আপনার পিতা, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান জাতির জন্য সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে বিংশ শতাব্দীর বিখ্যাত রাষ্ট্রনায়কদের মধ্যে জায়গা করে নিয়েছেন। আমি বিশ্বাস করি, বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর বছরে আমাদের সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর হবে।’


