পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তুরস্কের দক্ষিণ-পশ্চিমের মু’লা প্রদেশে বধির মুসল্লিদের মাঝে ধর্মীয় জ্ঞান বিতরণের জন্য ইশারা ভাষা শিখেছেন ইমাম ইদরিস সারি। মু’লা প্রদেশের মেনতেশে জেলার আকইয়ল মসজিদের ইমাম তিনি।
ডেইলি সাবাহ’র সংবাদে বলা হয়, তুর্কি প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্সের তত্ত্বাবধানে তিনি ইশারা ভাষার উপর তিন মাসের প্রশিক্ষণ গ্রহণ করেন এই ইমাম। বর্তমানে তিনি জুমায় মুসল্লীদের ইশারা ভাষাতেও খুতবা দেন।
ইমাম বলেন, আমি তাদের সাথে নামাযের পর আলোচনা করি এবং তাদের ধর্মীয় বিভিন্ন প্রশ্নের উত্তর দেই। তাদের সাহায্য করতে পেরে আমি আনন্দিত।
ইমাম ইদরিস সারি জানান, সপ্তাহে দুইদিন তিনি ইশারা ভাষায় কুরআন শিক্ষা দেন।
স্থানীয় মুফতি মুস্তফা আয়দিন জানান, ইমাম সারির উদ্যোগ স্থানীয়ভাবে বিপুলভাবে সমাদৃত হয়েছে। তিনি আশা করছেন, আরো ইমাম বধির মুসল্লীদের সুবিধার জন্য ইশারা ভাষার প্রশিক্ষণ নেবেন।


