বনশ্রীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

বনশ্রীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর খিলগাঁও বনশ্রী স্টাফ কোয়াটার রোডে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- সিএনজি চালক মো. স্বপন (৩২) ও সিএনজিতে থাকা যাত্রী ফাতেমা বেগম (৪০)। এছাড়া আহত হয়েছে সিএনজিতে থাকা নিহতের দুই ছেলে সাকিব (১৭) ও শাকিল (৮)।

ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা অ্যাম্বুলেন্সচালক আরিফ বলেন, বনশ্রীর ফেমাস হাসপাতালের সামনে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আমার অ্যাম্বুলেন্সে হতাহতদের তুলে দেয়। ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক অটোরিকশার চালক ও এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। অটোরিকশার চালক ঘটনাস্থলেই মারা যায়। আর এক নারী যাত্রী হাসপাতালে আনার পর মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) বাচ্চু মিয়া বলেন, জানতে পেরেছি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে উত্তরায় বোনের বাসায় যাচ্ছিলেন নিহত ফাতেমা আক্তার। বনশ্রীতে একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক মারা যায়। তিনজনকে ঢাকা মেডিকেলে নেয়া হলে ফাতেমা আক্তারও মারা যায়। আহত দুই জনের অবস্থাও আশঙ্কাজনক।

এদিকে খবর পেয়ে সিএনজি চালকের আত্মীয়রা ঢামেকে এসে মরদেহ শনাক্ত করেছেন। তারা জানান, স্বপন নামের ওই সিএনজি চালক ভোলার বোরহানউদ্দিন থানার গঙ্গাপুর গ্রামের মৃত মো. শহীদের সন্তান। কর্মসূত্রে কাফরুলের ইব্রাহিমপুর এলাকায় থাকতেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহা বলেন, বনশ্রীর ফেমাস হাসপাতালের সামনে সিএনজি ও অছিম পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক মারা যায়। আহত একই পরিবারের তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ফাতেমা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় বাস জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *