পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণপশ্চিমাঞ্চলের গ্রাম দাগনেতে বন্দুকধারী দুর্বৃত্তদের সঙ্গে সেনাদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুর্বৃত্তদের গুলিতে ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন, এখনও নিখোঁজ আছেন ৯ জন।
শুক্রবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পার্শ্ববর্তী দেশ মালির সীমান্তঘেঁষা গ্রামটি নিয়ন্ত্রণ করছে নাইজাভিত্তিক ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠী।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দাগনে ও তার আশপাশের গ্রামগুলো জঙ্গিদের নিয়ন্ত্রণমুক্ত করতে ওই এলকায় টহল দিচ্ছিল সেনাবাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সশস্ত্র জঙ্গিদের একটি দল কয়েকটি গাড়ি ও মোটর সাইকেলে এসে গ্রামের বাইরে সেনা ছাউনিতে হামলা চালায়। অতর্কিত এই হামলায় সেনা সদস্যরা নিহত ও নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি। তবে দেশটির নিরাপত্তা বাহিনীর ধারণা হামলার সঙ্গে সরাসরি যুক্ততা আছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস)।
পশ্চিম আফ্রিকার ৩ দেশ নাইজার, মালি ও বুরকিনা ফাসোর বেশ কিছু অঞ্চল উষর-অনুর্বর ও দারিদ্র্যপীড়িত। এসব এলাকায় গত কয়েক বছর ধরে ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠীসহ বিভিন্ন সশস্ত্র গ্রুপের তৎপরতা বাড়ছে।
নাইজারে আল কায়দা ও ইসলামিক স্টেটের তৎপরতা আছে। গত কয়েক বছর ধরে সেনাবাহিনীর সঙ্গে সংঘাত চলছে তাদের। এই সংঘাতে ইতোমধ্যে প্রাণ গেছে কয়েক হাজার বেসামরিক মানুষের, বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ।
সূত্র: রয়টার্স


