বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ লোগো মানব প্রদর্শনী!

বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ লোগো মানব প্রদর্শনী!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ লোগো মানব প্রদর্শনী হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল ৪টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ১ লাখ ৫৮ হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে বঙ্গবন্ধুর লোগো প্রদর্শনে অংশ নেন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৯ হাজার ৪০৮ জন নেতাকমী।

এই প্রদর্শনীতে বরিশাল সিটি কর্পোরেশন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নাম এবং সিটি কর্পোরেশনের শ্লোগান ‘আমরাই গড়ব আগামীর বরিশাল’ যুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় শুরু হয় প্রদর্শনীর মহড়া।

সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ দাবি ক‌রেন, এটি বিশ্বের সর্ব বৃহৎ মানব লোগো। মানব লোগো প্রদর্শনের জন্য গত একমাস ধরে প্রস্তুতি চলছে বঙ্গবন্ধু উদ্যানে। প্রায় ২ লাখ স্কয়ার ফিট আয়তনের ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু উদ্যানের ১ লাখ ৫৮ হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে বঙ্গবন্ধুর লোগো প্রদর্শনে অংশ নেয় ৯ হাজার ৪০৮জন। তাদের সহায়তার জন্য মাঠের চারপাশে প্রস্তুত রাখা হয়েছিল আরো ২ হাজার ৫৯২ জনকে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী লোগোতে মুজিব শতবর্ষ, একশত এবং বঙ্গবন্ধুর চেহারা ফুটিয়ে তোলা হয়। প্রতিটি ১৬ বর্গফুটের প্রিন্ট করা ৯ হাজার ৪০৮টি পিভিসি কাঠের ফ্রেমে যুক্ত করে প্রদর্শনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় এই লোগো।

বঙ্গবন্ধু লোগোর প্রকল্প প্রকৌশলী মো. শাহাদাত হোসেন জানান, ১ হাজার ৩৫০ ফিট দৈর্ঘ্য এবং ১ হাজার ৮০০ ফিট প্রস্থ বিশিষ্ট মানব লোগোতে বঙ্গবন্ধুর চশমার ফ্রেম করা হয়েছে ২ হাজার ৪০০ স্কয়ার ফিট জুড়ে। এছাড়া বঙ্গবন্ধুর বাম গালের তিলক করা হয়েছে ৪৮ স্কয়ার ফিট এবং মুজিব কোট করা হয়েছে ১ হাজার ৯২০ স্কয়ার ফিট জায়গা জুড়ে।

লোগোর প্রস্তুতি কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকা বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম জানান, গত ১ মাস ধরে প্রায় ১ হাজার শ্রমিক নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধু লোগো প্রস্তুতিতে দিনরাত শ্রম দিয়েছেন। এই মানব লোগো নিয়ে ইতোমধ্যে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ এবং আগ্রহ সৃষ্টি হয়েছে। বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ লোগো মানব প্রদর্শনী গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নিতে পারবে বলে আশা করছেন তারা।

সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নাঈমুল হোসেন লিটু বলেন, সিটি মেয়রের পরিকল্পনায় মানব লোগোর আয়োজনটি নিঃসন্দেহে বরিশালবাসীর জন্য গর্বের। আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠন ছাড়াও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এই লোগো প্রদর্শনে অংশগ্রহণ করে‌ছে। ড্রোনের ক্যামেরায় তোলা মানব লোগোর ফুটেজ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলইডি স্ক্রিন এবং ফেসবুক লাইভে সরাসরি প্রচার ক‌রে‌ছে সিটি কর্পোরেশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *