বসবাস অযোগ্য নরকে পরিণত হচ্ছে বিশ্ব : জাতিসংঘ

বসবাস অযোগ্য নরকে পরিণত হচ্ছে বিশ্ব : জাতিসংঘ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ক্রমশ পরিবর্তন হচ্ছে বৈশ্বিক জলবায়ু অবস্থা। এই পরিবর্তনজনিত কারণে গত ২০ বছরে প্রাকৃতিক দুর্যোগ আশঙ্কাজনক হারে বেড়েছে বলে দাবি করেছে জাতিসংঘ। সংস্থাটির ভাষ্য, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের ব্যর্থতার কারণে কয়েক মিলিয়ন মানুষের বসবাসের এ গ্রহটি নরকে রূপান্তরিত হচ্ছে। খবর সিএনএন।

অন্যদিকে, নভেল করোনাভাইরাস মহামারী নিয়ে বিশেষজ্ঞদের সতর্কবার্তা সত্ত্বেও মৃত্যু ও অসুস্থতার ঝড় ঠেকাতে বিশ্বের প্রায় সব দেশই ব্যর্থ হয়েছে। এজন্য বিশ্বব্যাপী ১ মিলিয়ন মানুষের মৃত্যু ও কমপক্ষে ৩৭ মিলিয়ন মানুষকে অসুস্থ হতে হয়েছে।

জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস সম্পর্কিত অফিস ইউএনডিআরআরের তথ্য মতে, ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে ভূমিকম্প, সুনামি ও ঘূর্ণিঝড়সহ ৭ হাজার ৩৪৮টি বড় বড় প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে। এতে ১ দশমিক ২৩ মিলিয়ন মানুষের মৃত্যু, ৪ দশমিক ২ বিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রাকৃতিক দুর্যোগের কারণে বৈশ্বিক অর্থনীতিতে ২ দশমিক ৯৭ ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

দ্য হিউম্যান কস্ট অব ডিজাস্টার শীর্ষক জাতিসংঘের নতুন প্রতিবেদন বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের এ সংখ্যাটি ১৯৮০ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত রেকর্ড করা ৪ হাজার ২১২টির তুলনায় প্রায় দ্বিগুণ।

সেন্টার ফর রিসার্চ অন দ্য এপিডেমোলজি অব ডিজাস্টারস (সিআরইডি) তাদের জরুরি ইভেন্টস ডাটাবেজে একটি প্রাকৃতিক দুর্যোগের বৈশিষ্ট্য হিসেবে ১০ বা তার অধিক মানুষের মৃত্যু এবং ১০০ বা তার অধিক মানুষ ক্ষতিগ্রস্ত, জরুরি অবস্থা ঘোষণা বা আন্তর্জাতিক সহায়তার আহ্বানকে চিহ্নিত করেছে।

প্রাকৃতিক বিপর্যয়গুলোর বেশির ভাগই জলবায়ু সম্পর্কিত ছিল। প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বাড়ার পেছনে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধিকে দায়ী করা হয়েছে। বিজ্ঞানীরা বলেছেন, তাপমাত্রা বৃদ্ধিই প্রাকৃতিক দুর্যোগ বাড়িয়ে দিচ্ছে। প্রতিবেদনে দেখা গেছে, গত ২০ বছরে বন্যা, ঝড়, হিটওয়েভ, খরা, হ্যারিকেন ও দাবানল উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ইউএনডিআরআরের প্রধান মামি মিজুতোরি ও বেলজিয়ামের সিআরইডির দেবরাতি গুহ-সাপির এ প্রতিবেদনের যৌথ প্রবন্ধে বলেছেন, আমরা স্বেচ্ছায় ও জেনে-শুনে নিজেদের ধ্বংসের বীজ বপন করছি। সুশাসনের মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচন, জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস করা সম্ভব।

গত ২০ বছরে জলবায়ু বিপর্যয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এশিয়া। ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে এ অঞ্চলটি ৩ হাজার ৬৮টি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছিল। এছাড়া আমেরিকায় ১ হাজার ৭৫৬ এবং আফ্রিকাতে ১ হাজার ১৯২টি প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে। গত দুই দশকে ৫০০টিরও বেশি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকার সবার উপরে রয়েছে চীন। এর পরের অবস্থানে আছে ৪৬৭টি দুর্যোগের মুখোমুখি হওয়া যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, আগাম সতর্কবার্তার জন্য দুর্বল সম্প্রদায়গুলোকে রক্ষায় কিছু সাফল্য পাওয়া গেছে। বাংলাদেশ ও ভারতের মতো দেশগুলোয় দুর্যোগে সাড়াদানকারী সংস্থাগুলো ঘূর্ণিঝড় ও বন্যার ক্ষেত্রে ভালো প্রস্তুতির মাধ্যমে অনেক প্রাণ বাঁচিয়েছে। তবে গবেষকরা সতর্ক করেছেন, সম্প্রদায়গুলোয় প্রতিকূলতা অব্যাহত রয়েছে।

জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, আমরা জলবায়ু বিপর্যয় ও পরিবেশের অবক্ষয় হ্রাস করার ক্ষেত্রে খুব কম অগ্রগতি দেখেছি। দারিদ্র্য দূরীকরণে ও জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস করতে আমাদের অবশ্যই বাকি সবকিছুর চেয়ে জনগণের কল্যাণকে গুরুত্ব দিতে হবে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *