পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশসহ আরও ১৮টি দেশের উপর শর্ত সাপেক্ষে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। আগামী ১ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সোমবার (২৩ আগস্ট) ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) এ সিদ্ধান্ত জানিয়েছে।
আগামী ১ সেপ্টেম্বর থেকে অনুমোদিত ১৮টি দেশের টিকাগ্রহীতারা ওমানে ভ্রমন করতে পারবেন।
সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, ওমান অনুমোদিত এমন দুই ডোজ টিকা নেয়া যাত্রীরাই কেবল দেশটিতে যেতে পারবেন। সেখানে যাওয়ার সম্ভাব্য তারিখের কমপক্ষে ১৪ দিন আগে টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে। কোন কোন টিকাকে অনুমোদন দেবে তার তালিকা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করবে।
সেখানে আরও বলা হয়, যে যাত্রীরা করোনার নেগেটিভ সনদ নিয়ে যাবেন তাদের কোয়ারেন্টাইনেও থাকতে হবে না। দীর্ঘ দূরত্বের ফ্লাইটের ক্ষেত্রে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা এবং কম দূরত্বের ক্ষেত্রে সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগে করা করোনা পরীক্ষার সনদ গ্রহণ করা হবে।
করোনা পরীক্ষার সনদ এবং টিকাদানের সনদ উভয়টিতেই কিউআর কোড থাকতে হবে যা দিয়ে সনদটি পরীক্ষা করে দেখা যায়।


