বাংলাদেশসহ ৫ দেশের যাত্রীদের পরিবহন করবে না এমিরেটস

বাংলাদেশসহ ৫ দেশের যাত্রীদের পরিবহন করবে না এমিরেটস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশসহ ৫ দেশ থেকে শেষ গন্তব্য হিসেবে দুবাইগামী যাত্রীদের পরিবহন করা সম্ভব নয় বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা এমিরেটস। এসব দেশের বিমানবন্দরে করোনাভাইরাসের আরটি পিসিআর পরীক্ষার সুবিধা না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এমিরেটস।

এ তালিকায় বাংলাদেশে ছাড়া অপর ৪ দেশ হলো নাইজেরিয়া, ভিয়েতনাম, জাম্বিয়া এবং ইন্দোনেশিয়া।

আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওই পাঁচ দেশের সব বাসিন্দাই দুবাই ভ্রমণের অনুমতি পাবেন; যদি তারা কোভিড -১৯ পরীক্ষার প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে পারেন।’

ভ্রমণ নিষেধাজ্ঞার কবলে পড়া দেশগুলো থেকে যাত্রীদের দুবাইয়ের উদ্দেশে যাত্রা শুরুর ছয় ঘণ্টা আগে আরটিপিসিআর পরীক্ষা করার শর্ত রয়েছে। কিন্তু বাংলাদেশসহ ওই পাঁচ দেশের বিমানবন্দরে আরটিপিসিআর পরীক্ষা সুবিধা না থাকায় যাত্রীদের দুবাইয়ে পরিবহন না করার সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস।

এদিকে, এমিরেটস এয়ারলাইন্সের বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সব ট্রানজিট যাত্রীকে তাদের শেষ গন্তব্য দুবাইয়ের জন্য প্রয়োজনীয় কিছু শর্ত পূরণ করতে হবে।

ট্রানজিট যাত্রীদের দেশ ছাড়ার ৭২ ঘণ্টা আগে অবশ্যই করোনার আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ প্রদর্শন করতে হবে। যেসব দেশের যাত্রীদের এই সনদ দেখাতে হবে, সেসব দেশ হলো: বাংলাদেশ, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা, ভিয়েতনাম, জাম্বিয়া এবং ইন্দোনেশিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *