বাংলাদেশে হাজির করোনাভাইরাস
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশে এসে হাজির হয়েছে। তিনজন আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট আইইডিসিআর।
জানা যায়, এদের মধ্যে দুইজন সম্প্রতি ইতালি থেকে এসেছেন। রোববার (৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, ‘তিনজনের শরীরে নভেল করোনাভাইরাস পাওয়া গেছে।’ আক্রান্তদের বয়স বিশ থেকে পয়ত্রিশ বছরের মধ্যে।
আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, ‘এই তিনজনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে শনিবার। আক্রান্তদের মধ্যে যে দুইজন ব্যক্তি দেশের বাইরে থেকে এসেছেন, দেশে আসার পর তাদের যখন লক্ষ্মণ ও উপসর্গ দেখা গেছে, তখন তারা আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করেছেন। তার ভিত্তিতে সংস্থাটি থেকে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর করোনাভাইরাস ধরা পড়ে।’
ইতালি থেকে আসা দুই ব্যক্তি ভিন্ন পরিবারের সদস্য। তবে তাদের নমুনা সংগ্রহের সময় দুই পরিবারের আরো চারজনের নমুনা সংগ্রহ করা হয়। ‘চারজনের মধ্যে একজনের পরিবারের একজন নারী সদস্যের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়। বাকি তিনজন নেগেটিভ।’
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশের যথেষ্ট সক্ষমতা আছে। পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে দেশে, সতর্ককতার সাথে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধির দিকনির্দেশনা। তিনি বলেছেন, ইনশা আল্লাহ, আমাদের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে (করোনাভাইরাস মোকাবিলায়) এবং আমরা যথাযথ ব্যবস্থা করব। এখানে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।
সূত্র : বিবিসি


