বাংলাদেশ ব্যাংকের মুনাফা কমেছে ১৪ হাজার কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের মুনাফা কমেছে ১৪ হাজার কোটি টাকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ ব্যাংকের মুনাফা ২০২২-২৩ অর্থবছরে প্রায় ৯৫ শতাংশ কমেছে, টাকার হিসাবে যা ১৪ হাজার ২৪৭ কোটি টাকা। মূলত বৈদেশিক মুদ্রার লেনদেনে লাভ কম হওয়ার কারণে এমনটি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে নিট মুনাফা হয়েছে ১৫,০০০ কোটি টাকা, যা আগের অর্থবছরে ছিল ২৯,২৪৭ কোটি টাকা।

গত মঙ্গলবার, গভর্নর আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় ২০২২-২৩ অর্থবছরের আর্থিক বিবৃতি অনুমোদন করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, ‘এ সময়ে ডলার বিক্রি থেকে মুনাফা হয়েছে ৬ হাজার কোটি টাকা, সরকারকে দেওয়া ঋণ বাবদ মুনাফা হয়েছে ৭ হাজার কোটি টাকা।

এছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দিয়ে মুনাফা হযেছে ২ হাজার কোটি টাকা।’

তিনি আরও বলেন, ‘২০২২-২৩ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের মোট ব্যয় ছিল ৪ হাজার ২৫২ কোটি টাকা। ব্যয়ের পরে নিট মুনাফা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৪৮ কোটি টাকা। এরমধ্যে ১০ হাজার ৬৫২ কোটি টাকা সরকারের কোষাগারে জমা হয়েছে।’

ব্যাংকাররা বলেছেন, টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার ফ্লোটিং হারের কারণে ক্রয় এবং বিক্রয় হারের মধ্যে খুব কম পার্থক্য ছিল।

এ কারণেই গত অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার নিট মুনাফা কম হয়েছে।

তারা আরও বলেছেন, ২০২২ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফার পরিমাণ খুব বেশি ছিল। সে সময়ে ডলার ক্রয় এবং বিক্রয় হারের মধ্যে বিস্তৃত পার্থক্যের কারণে মুনাফা বেশি হয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ ব্যাংক ২০২২-২৩ অর্থবছরে বৈদেশিক মুদ্রার আর্থিক সম্পদ থেকে ৬ হাজার কোটি টাকা মুনাফা করেছে, ২০২২ অর্থবছরে এর পরিমাণ ছিল ২৮ হাজার ৩৭১ কোটি টাকা।

২০২১ অর্থবছরে বৈদেশিক মুদ্রা থেকে মুনাফা হয়েছিল ২ হাজার ৬০৫ কোটি টাকা।

২০২২-২৩ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক ১০৩ থেকে ১০৯ ডলার কিনে ব্যাংকগুলোকে বিক্রি করেছে ১০৩.৫০ থেকে ১০৯.৫০ টাকায়। এর আগের (২০২২) অর্থবছরে বাজার থেকে ডলার কিনেছিল ৭৮ থেকে ৮৪ টাকায় এবং ব্যাংকগুলোকে বিক্রি করেছিল ৮৫ থেকে ৮৭ টাকায়।

বাংলাদেশ ব্যাংকের একজন কোষাধ্যক্ষ কর্মকর্তা বলেছেন, চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক বাজারে সবচেয়ে বেশি পরিমাণে ডলার সরবরাহ করেছে।

তবুও, ডলারের ফ্লোটিং রেট হওয়ায় এই খাতে মুনাফা কম হয়েছে। ফলস্বরূপ, বিনিময় হারের লাভ হ্রাস পেয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ ছিল ১৩.৫৮ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরে ছিল মাত্র ৭.৬২ বিলিয়ন ডলার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *